কাল তৃণমূলের পাল্টা আজ বিজেপির সভা! মেদিনীপুরের ভূমিপুত্র এবার আমনে সামনে লড়াইয়ের ঘোষণা করলেন। নিজের গড় কাঁথি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, আগামী ৭ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। সেই প্রসঙ্গেই এদিন কাঁথির সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু হুঁশিয়ারি দেন, “৭ তারিখ নন্দীগ্রামে আসুন। ভাষণ দিন। আমি জানি আপনি কী বলবেন। ৮ তারিখ সভা করব আমি। পাল্টা সভা করে আমি আপনার সব কথার জবাব দেব। আপনি প্রশাসনিক ক্ষমতাবলে লোক আনবেন। আর আমার সভায় লোক আসবে ভালবাসা ও আবেগে।”
উল্লেখ্য এতদিন পর্যন্ত শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কখনই আক্রমণ করেননি। উল্টে তাঁর আক্রমণের নিশানায় সদাই থাকতেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু, এখন যেন ছবি কিছুটা অন্যই। কাঁথির প্রেস্টিজ ফাইটের সভা থেকে এদিন শুভেন্দু কার্যত হুঙ্কার দিয়ে বলেন, “আমার বিজেপি ভাইরা ৪৯ করে ফেলেছে, এবার আমি ৫১ করব। গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর নন্দীগ্রামের শুভেন্দু দুজনে হাত মিলিয়েছি। লালমাটি আর জঙ্গলমহলের মাটি হাত মিলিয়েছে। যেতে তোমাকে হবেই। পদ্ম ফুটিয়ে আমি ঘুমোতে যাব। আমি আর দিলীপ ঘোষ জঙ্গলমহলে ৩৫টা আসন জেতাব।” একুশে বাংলায় বিজেপি-ই (BJP) সরকার গঠন করতে চলেছে বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে তৃণমূলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে তাঁর বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “আর নয় অন্যায় কর্মসূচিতে আজ ৬ কিলোমিটার পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আমাকে দেখে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে, আমি কোনও ভুল সিদ্ধান্ত নিইনি। আমার সিদ্ধান্ত সঠিক ছিল। জনগণের শিলমোহর আমি পেয়ে গিয়েছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। ডেমোক্র্যাসি মানে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। স্বামীজির চরৈবতি মন্ত্রকে সামনে রেখেই এবার এগিয়ে যেতে চাই।” সেই সঙ্গে শুভেন্দু মনে করিয়ে দেন, তিনি কু-কথা বলেন না। বলেন, ‘আমি অশালীন কথা বলি না, অন্যদের দিয়ে অশালীন কথা বলাচ্ছে তৃণমূল।’





