রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত শেষ হয়ে গেছে মনে করা হচ্ছিল। এর মধ্যেই এবার নতুন যাত্রা শুরু সংঘাতের।
আজ অর্থাৎ সোমবার সকালে রাজভবনে রাজ্য মন্ত্রীসভার শপথ শেষে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একান্তে কথা বলতেও দেখা গিয়েছিল। এর আগে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন মমতাকে ছোট বোন বলেও আখ্যা দেন ধনকড়। এতেই মনে করা হচ্ছিল, মেঘ কেটেছে বোধহয়।
তবে ছবিটা বদলালো আজ। মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠকে রাজ্যপাল রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ আক্রমণাত্মক বক্তব্য রাখলেন। নতুন মন্ত্রীদের প্রতি বার্তা দিয়ে বললেন, “শপথ নিয়েছেন গণতন্ত্র রক্ষার। এবার সেই কাজই ভালভাবে করুন। করতে না পারলে এই শপথ ব্যর্থ হয়ে যাবে।” তবে রাজ্যপালের এমন পরামর্শ যে মনে ধরেনি মন্ত্রীদের তা বলা বাহুল্য।
বাংলায় রাজ্য-রাজ্যপাল সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকারের ভূমিকা নিয়ে বরাবরই মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তৃতীয় তৃণমূল সরকারের সঙ্গেও যে রাজভবনের দূরত্ব ঘুচবে না, তার ইঙ্গিত তিনি দিয়েছিলেন গত বুধবারই। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন। মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড় করিয়েই রাজ্যে চলমান হিংসা নিয়ে ধনকড় সোচ্চার হয়েছিলেন। তার পালটা জবাবও দিয়েছিলেন মমতা। এরপর আর উভয়ের বাক্যালাপ এগোয়নি। রাজভবন থেকে সোজা বেরিয়ে মমতা চলে গিয়েছিলেন নবান্নে। তবে আজ সোমবার সকালে দু’জনে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন।
আরও পড়ুন-জল্পনার ইতি! বিধানসভার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী
দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলেছে ভাবতে ভাবতেই সাংবাদিক বৈঠক করে ধনকড় নয়া মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তারপর অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে অন্ধকারে রাখা হচ্ছে। রাজ্য প্রশাসন তাঁকে কোনও রিপোর্ট দিচ্ছে না। এরপর সাংবিধানিক কর্তব্য মেনে অশান্ত এলাকাগুলিতে তিনি নিজে পরিদর্শনে যাবেন বলেও জানান।





