রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার দিল্লি যাওয়ার পরিকল্পনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তিনি একা নন, বিজেপির নানান বিধায়কদের নিয়েই তিনি যাবেন দিল্লি। গোটা একটা দল গঠন করেই রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠবে গেরুয়া শিবির।
কিন্তু হঠাৎ দিল্লি কেন? আসলে অভিযোগটা ঠিক কী শুভেন্দুর? বিজেপির দাবী, অনেক কেন্দ্রীয় প্রকল্পই নিজের বলে চালাচ্ছে রাজ্য সরকার। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছে পদ্ম শিবির। এই বিষয়ে অভিযোগ জানাতেই দিল্লি পাড়ি দেবেন শুভেন্দু-সহ একাধিক বিধায়ক।
আরও পড়ুন- আলোচনার পরিসর নেই ভারতে, করোনাকালে বিপদ বাড়ছে গরীবের, নাম না করেই মোদীকে দুষলেন অমর্ত্য সেন
শুভেন্দুর অভিযোগ, প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা রয়েছে, তা ব্দলে বাংলা আবাস যোজনা নাম রাখা হয়েছে। শুধু তাই-ই নয় সস্তায় রেশন থেকে শুরু করে গরীবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, এমন নানান প্রকল্প কেন্দ্রের হলেও, তা নিজেদের বলে চালাচ্ছে রাজ্য সরকার। এই কারণেই রাজ্য বিজেপি চাইছে, এইদিকে কেন্দ্রের দৃষ্টি আরোপ করা উচিত। এরপর কেন্দ্রীয় মন্ত্রক এই বিষয়ে যা পদক্ষেপ নেওয়ার নেবে।
এই বিষয়ে আলোচনার জন্য গত শনিবার দলীয় বিধায়কদের সঙ্গে ভারচুয়ালি একটি বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এই বৈঠকেই শুভেন্দু দিল্লি গিয়ে অভিযোগের কথা জানান সকলকে।
তবে কবে দিল্লি যাওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু শুভেন্দু চাইছেন বিধায়কের প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাজ্যে চলা কেন্দ্রের কোন কোন প্রকল্প রাজ্য সরকার নিজেদের বলে চালাচ্ছে, তা নিয়ে অভিযোগ জানাবেন বিরোধী দলনেতা। এরই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানানো হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- আসছে গো-সংরক্ষণ বিল, কড়াকড়ি হবে গো-মাংস বিক্রিতে, না মানলেই জেল, জরিমানা
প্রাথমিক ভাবে স্থির করা হয়েছে যে এই সফরে শুভেন্দুর সঙ্গে থাকতে পারেন বিজেপির ১০ বিধায়ক। থাকার কথা মিহির গোস্বামী, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গা, অম্বিকা রায়, অগ্নিমিত্রা পাল, মুকুটমণি অধিকারী, নির্মল ধারা, নিরজ তামাং জিম্বা, শঙ্কর ঘোষদের। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী শুক্রবার বিধায়কদের নিয়ে বিধানসভায় একটি বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকেই বিধায়কদের তালিকা এবং দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।





