সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের জল্পনা তুঙ্গে। এক বেসরকারি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের মন্তব্য নিয়ে ফের উঁকি দিল জল্পনা। এই সাক্ষাৎকারে বিজেপি নেতা জানান যে সৌরভ নাকি ‘বিজেপি ফ্রেন্ডলি’। স্বপন দাশগুপ্তের কথায় সৌরভ গোটা দেশের গর্ব। তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে না এলেও তাঁর প্রতি কোনও বিরূপ মনোভাব নেই, একথাই জানান স্বপন দাশগুপ্ত। এও বলেন যে ‘সৌরভ ওয়ান ডাউনে নামবে না ফোর ডাউনে, সেটা ওঁর একান্ত ব্যাপার’।
দুর্নীতির ক্ষেত্রে মোদী সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই চলে বলে দাবী করেন স্বপনবাবু। এও বলেন যে সবাই দুর্নীতিমুক্ত নয়। ভোটের আগে অনেককেই দলে নেওয়া হলেও বিজেপির উচ্চস্তরে অপরাধীদের কোনও স্থান নেই, এমনটাও সাফ জানিয়ে দেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।
আরও পড়ুন- ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে জেলে গিয়েছি’, ঢাকার সভা থেকে জানালেন মোদী
এদিন বুদ্ধিজীবীদেরও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “ফ্যাসিজম বলে কিছু নেই। ওটা বাজে কথা। যারা কফি হাউসে যান, সাবটাইটেল দেওয়া ছবি দেখেন, তারা নতুন কিছু হলেই ভয় পান। ভাবেন হয়ত তাদের গুরুত্ব কমে যাবে”।
এদিনের সাক্ষাৎকারে তারকা প্রার্থীদের নিয়েও মুখ খোলেন স্বপনবাবু। তাঁর কথায়, তারকা মানেই যে মাথায় কিছু নেই, এমন ভাবা ভুল। বেশি নীতির কথা বলতে না পারলেও, যশ, শ্রাবন্তী, পায়েলরা যে বেশ গুছিয়ে কথা বলতে পারেন, এও দাবী করেন স্বপন দাশগুপ্ত।
আরও পড়ুন- প্রচারে বেরিয়ে বিপত্তি, যশকে কাছে পেয়েই জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিলেন মহিলা অনুরাগী, তারপর?
আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির এই বর্ষীয়ান নেতা বলেন যে দ্বিতীয় দফার পর থেকেই বিজেপির ভোট বাড়তে থাকবে। তাঁর দাবী, বাংলায় যদি গেরুয়া শিবির ক্ষমতা গড়ে, তাহলে কেন্দ্র-রাজ্য মিলিত হয়ে ডাবল ইঞ্জিন সরকার গঠন হবে। এর ফলে বাংলায় উন্নয়ন হবে ও দুর্নীতিমুক্ত হবে রাজ্য।





