লোকসভা নির্বাচনের আগে বিদ্রোহী বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। দলের বিরুদ্ধে এবার একরাশ অভিমান, ক্ষোভ উগড়ে দেন তিনি। অভিমান তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও। তাঁর আক্ষেপ তিনি ২৩-২৪ বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত কিন্তু তাও তাঁর বাড়ি ইডি হানার ৫২ দিন পরও ‘দিদি’ তাঁর কোনও খোঁজ নেন নি। এবার সেই অভিমান নিয়েই তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিলেন তিনি।
তাপস রায় তৃণমূল ছাড়তে পারেন, এমনকি বিধায়কের পদ থেকেও ইস্তফা দিতে পারেন তিনি, এমন গুঞ্জন উঠছিলই। এবার সেই গুঞ্জনই সত্যি হল। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়েছে। তৃণমূলের প্রতি অভিমান জন্মেছিল তাঁর। সেই মান ভাঙাতেই সপ্তাহের প্রথম দিনই সকালে তাপস রায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু ও কুণাল ঘোষ।
কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। বরফ গলে নি। তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে অভিমান উগড়ে দিলেন তাপস রায়। ১২ জানুয়ারি তাঁর বাড়ি ইডি অভিযানের প্রসঙ্গ তুললেন তিনি। তাঁর কথায়, “বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন অথচ আমার বাড়িতে ইডি-র হানার কথা উল্লেখ করতেই পারতেন। আমি আহত-আঘাতপ্রাপ্ত”।
গত শনিবার তিনি বিস্ফোরক দাবী করে বলেছিলেন যে তাঁর বাড়ি ইডি হানার নেপথ্যে রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি যাতে লোকসভা নির্বাচনের প্রার্থী না হতে পারেন, সেই কারণেই তাঁর বাড়িতে ইডি পাঠিয়েছেন সুদীপ, এমনই দাবী ছিল তাপসের। এদিন তিনি জানালেন, তাঁর বাড়ি ইডি হানা দেওয়ায় তাঁর দলেরই কিছু কিছু উল্লাস করেছেন। তাঁর কথায়, “দলের ৪০-৫০ জন যাঁরা আমায় ভালবাসেন তারাই বলেছেন আমার পিছনে দলের কেউ কেউ যখন রেড চলছে উল্লাস করছেন। যদিও অনেকেই প্রতিবাদ করেছেন”।
এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর প্রতি একরাশ অভিমান উগড়ে দিয়ে তিনি বললেন, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী দাঁড়াবেন।অন্য কারোর বাড়িতে গেল ইডি কৌটো নাড়ালে বলেন। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে”।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দলের বিরুদ্ধে কথা বলছেন বরানগরের বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঠাণ্ডা লড়াইয়ের কথা বঙ্গ রাজনীতিতে চর্চিত বিষয়। এরই মধ্যে এবার তাপস রায়ের দল ছাড়ার জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনা সত্যি করেই এবার দল ছাড়লেন তাপস রায়। লোকসভা নির্বাচনের আগে সত্যিই তিনি বিজেপিতে যোগ দেন কী না, এখন সেটাই দেখার।





