এবার ঝোড়ো ব্যাটিং করবে শীত, অবশেষে সব বাধা কাটিয়ে ফিরছে ঠাণ্ডা, সংক্রান্তিতেই নামবে পারদ, সুখবর দিল হাওয়া অফিস

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে উধাও হয়ে গিয়েছিল শীত। নতুন বছর পড়ার পর দু-তিনদিন একটু ঠাণ্ডা থাকলেও ফের বাড়তে শুরু করে তাপমাত্রা। বঙ্গবাসী যখন ভাবছে যে এবারের শীতের মরশুমে আর শীত পড়ল না, সেই সময়ই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষেই নতুন করে শীত পড়বে রাজ্যে। আগামী দু-তিনদিন আবহাওয়া একইরকম থাকলেও বৃহস্পতিবারের পর থেকে বদলাবে আবহাওয়া। অর্থাৎ পৌষ সংক্রান্তি কাটবে বেশ ঠাণ্ডার মধ্যেই।

হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে নতুন করে একটি শীতের স্পেল আসতে চলেছে। চার-পাঁচদিনের একটি শীতের স্পেল থাকবে এবার। সেই সময় ঝোড়ো ব্যাটিং করবে শীত। এর জেরেই নতুন করে রাজ্যে তাপমাত্রা কমবে। আপাতত পূবালী হাওয়ার কারণে বঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। তা কমে গেলেই সপ্তাহের শেষে কমবে তাপমাত্রা।  

কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে বেশি। অন্যান্যবার পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলার ঠান্ডায় জবুথবু হয়ে যায় মানুষ। আগামী ৩-৪ দিনের তাপমাত্রায় খুব একটা বদল হবে না। তবে উত্তুরে হাওয়ার দাপটের জেরে সপ্তাহান্তে কমবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে থাকলেও জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে নেমে যাবে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, শুক্রবারের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। বুধ ও বৃহস্পতিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা যাবে উত্তরবঙ্গের উপর দিয়ে। সেই সময় হাওয়া বদল হতে পারে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা।

প্রসঙ্গত, গতকাল, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles