শুরু হয়েছে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশন শুরু হওয়ার আগেই শাসকদলের সমস্ত বিধায়কের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়। রাজ্যপালের ভাষণ শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট সমস্ত বিধায়কদের নিজেদের নির্দিষ্ট আসনে পৌঁছনোর কথা।
সেই মতোই গতকাল, শুক্রবার একে একে সব বিধায়করা আসছিলেন। চেকিংয়ের পর একে একে তারা বিধানসভায় প্রবেশও করছিলেম। কিন্তু এরই মাঝে বাঁধল এক হট্টগোল। বিধানসভার ভেতরে ঢুকতেই দেওয়া হচ্ছিল না বিধায়ক নির্মল মাজিকে।
সূত্রের খবর অনুযায়ী, বিধানসভার নিরাপত্তারক্ষীরা নির্মল মাজিকে চিনতে পারেননি, তাই তাঁকে কোনওভাবেই ভেতরে ঢুকতে দেননি তারা। বিধায়ক তাদের বারবার বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অনড়। এমনকি, নির্মল মাজি নিজের পরিচয়পত্রও দেখান নিরাপত্তারক্ষীদের। কিন্তু তাতেও কাজ হল না। এই নিয়ে বেশ বিরক্তিও প্রকাশ করলেন নির্মল মাজি।
এসব দেখে এগিয়ে যান সাংবাদিকরা। তারাও নিরাপত্তারক্ষীদের বোঝানোর চেষ্টা করেন। অবশেষে সকলে বোঝানোর পর কথা শোনেন নিরাপত্তারক্ষীরা। ঢুকতে দেন নির্মল মাজিকে। এই গোটা ঘটনায় শুনে হাসাহাসিও করেছেন অনেকেই। প্রথমে কিছুটা বিরক্ত হলেও রসিকতার হাসি দেখা গেল নির্মল মাজির মুখেও।
অনেকেরই মতে, অনেকসময় নতুন বিধায়ক হলে, তাদের চেনার ক্ষেত্রে সমস্যা হতে পারে নিরাপত্তারক্ষীদের। বিধানসভায় যাতে সুরক্ষা বজায় থাকে, এর জন্যই সবদিক খতিয়ে দেখে তবেই কাউকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু নির্মল মাজি তো নতুন নন। তিনি তো পুরনো বিধায়ক। তাহলে তাঁকেও কেন নিরাপত্তারক্ষীরা চিনতে পারলেন না?





