এই প্রথম কলকাতা শহরের বাইরে কারোর শরীরে করোনার ভাইরাস পাওয়া গেল। এর আগে কলকাতার বুকে দুই তরুণের দেহে এই মারণ ভাইরাস মেলে। এবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃতীয় জনের খোঁজ মিলল, স্কটল্যান্ড থেকে আসা এক ছাত্রীর শরীরে এই ভাইরাস পাওয়া যায়। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ওই ছাত্রী।
জানা গিয়েছে, কয়েক দিন আগেই স্কটল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। তারপরেই তাঁর শরীর কিছু উপসর্গ দেখা দেয়। হাবড়া হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয় তাঁকে। শুক্রবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয় ওই তরুণীকে। সন্ধেবেলা তাঁর লালারসের নমুনা যায় নাইসেডে। রাতে রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদেরও যথাযথ পরীক্ষা হবে লালারস। এই নিয়ে রাজ্য-এ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। কলকাতা ছাড়িয়ে এবার জেলায় করোনা ভাইরাসের জীবাণু মেলায় বেশ চিন্তিত প্রশাসন।
এর আগে আরও দুই তরুণের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। প্রথমজন বাইপাসের ধারের এক আবাসনের বাসিন্দা। নবান্নের এক উচ্চপদস্থ আমলার ছেলে যিনি লন্ডন থেকে ফিরেছিলেন ১৫ মার্চ। কিন্তু বিমান থেকে নেমে তিনি কোনো সাবধানতা ছাড়াই ঘুরে বেড়ান এবং ১৭ মার্চ বেলেঘাটা আইডিতে গিয়ে পরীক্ষা করালে তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়।
দ্বিতীয় তরুণ কলকাতার বালিগঞ্জের এক অভিজাত আবাসনের বাসিন্দা। তিনি গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন এবং তাকেও কোয়ারেন্টাইনে রাখলেও তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। শুক্রবার তাঁর পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনিও করোনা-১৯ আক্রান্ত। তাঁকেও রাখা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। এই ৩ ঘটনা এত কম সময়ের ব্যবধানে ঘটে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ থেকে প্রশাসন।





