স্কুলের ফি বৃদ্ধির কারণে স্কুলগেটের সামনে বিক্ষোভ অভিভাবকদের, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা অভিভাবকদের উপর, মারধরের জেরে জখম একাধিক

অবৈধভাবে বাড়ানো হয়েছে স্কুলের ফি। এর প্রতিবাদে বেগড়ি হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। কিন্তু কোনও সমাধান মেলে নি এদিন। স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এরই মধ্যে অভিভাবকরা অভিযোগ করেন যে তারা যখন স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এই সময় তাদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন হাওড়ার বেগড়ি হাইস্কুলের সামনে স্কুল ফি বৃদ্ধি করার কারণে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই বৃদ্ধি করা হয়েছে স্কুল ফি। অভিভাবকরা এই বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চান। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এর আগে অভিভাবকরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছিলেন, সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন যে ফি বৃদ্ধি হবে না। কিন্তু অভিভাবকদের অভিযোগ, সেই কথা রাখেন নি প্রধান শিক্ষক।

এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখানোই শুধু নয়, রাস্তা অবরোধও করে রাখেন অভিভাবকরা। তাদের একাংশের মতে, ২৪০ টাকা করে যেখানে ফি নেওয়ার কথা সেখানে ৬৪০ টাকা করে ফি নিতে শুরু করে। এরপর অভিভাবকরা এই ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলে ডেপুটেশন জমা দিতে যায়। কিছুদিন আগে ৫০০ টাকা করে ফি নেওয়া শুরু হয়। অবৈধভাবে এই ফি বাড়ানোর কারণে এই প্রতিবাদ বিক্ষোভ অভিভাবকদের।

এদিন অভিভাবকরা যখন স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় তাদের উপর আক্রমণ করে পাপ্পু ও তাঁর দলবল। পাপ্পু ওই এলাকায় তৃণমূল আশ্রিত গুন্ডা বলেই পরিচিত। বিক্ষোভরত অভিভাবকদের মারধর করা হয় বলে অভিযোগ। এর জেরে একজনকে হাওড়া হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু যে বিষয় নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সমস্যারই কোনও সমাধান সূত্র মিলল না এদিন।

RELATED Articles