বিলের উপর দলীয় প্রতীক ঘাসফুলের সিল, রয়েছে অশোকস্তম্ভের সিলও, তৃণমূলের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ

দলীয় প্রতীকের উপর দেওয়া অশোকস্তম্ভের সিল। এই বিল দিয়েই তৃণমূলের নামে টাকা তোলার অভিযোগ উঠল শিলিগুড়িতে। এই ঘটনা নিয়ে ব্যবসায়ীরা তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানান। কিন্তু দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে এ কাজ তাদের দলের নয়।

এরপরই এই ঘটনায় থানায় অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক অবশ্য এই ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন। তাঁর মত, ব্যবসায়ীদের অসন্তোষের কথা টের পেয়ে সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির।

বিগত বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ির নানান এলাকা থেকে তৃণমূলের নামে বিল ছাপিয়ে মোটা টাকা আদায় করছে কিছু যুবক, এমনটা শোনা যাচ্ছিল। বিলে রয়েছে দলের প্রতীক ঘাসফুলের ছবি ও রয়েছে অশোক স্তম্ভের সিলও।

এই বিল দিয়েই কারোর কাছ থেকে ৫,০০০ টাকা কারোর কাছ থেকে ১০,০০০ টাকা আদায় করেছেন যুবকরা। কিন্তু বিলের ওপর অশোকস্তম্ভ দেখে সন্দেহ হয় ব্যবসায়ীদের। এর পর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তৃণমূল নেতাদের দাবী ওই বিল ভুয়ো। তৃণমূলের নাম করে কেউ বা কারা টাকা তুলছেন।

এরপর তৃণমূলের তরফে প্রধাননগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই কাজ করেছে তা জানতে, ওই যুবকরা যে সমস্ত দোকানে গিয়েছিল, সেই জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর কথায়, “তোলাবাজি তৃণমূলের পুরনো অভ্যেস। বিষয়টি সবারই জানা। সামনে পুরভোট। ব্যবসায়ীদের অসন্তোষ আঁচ করতে পেরে নিজেদের বিরুদ্ধে নিজেরাই থানায় অভিযোগ করে নাটক করছেন তৃণমূল নেতারা। সাধারণ মানুষ সব জানেন”।

RELATED Articles