দলীয় কর্মীকে দিয়ে পা টেপাচ্ছেন তৃণমূল নেতা, ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে, তুমুল সমালোচনায় বিরোধীরা

দলের কর্মীকে দিয়ে পা টেপাচ্ছেন এক তৃণমূল নেতা (TMC Leader)। এমন ভিডিও (খবর ২৪x৭ এই ভিডিওর সত্যতা যাচাই করে নি) সামনে আসতেই হইচই রাজ্য রাজনীতিতে। পা টেপানোর অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পার্থপ্রতিম সরকারের (Partha Pratim Sarkar) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। বিরোধীরা এই ঘটনায় তৃণমূলকে (TMC) কটাক্ষ করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পার্থপ্রতিম সরকার একটি সোফাতে পা তুলে দিয়ে বসে রয়েছেন। আর তার পা টিপে দিচ্ছেন এক ব্যক্তি। বিজেপির দাবী যে ব্যক্তিকে দিয়ে পার্থপ্রতিম সরকার পা টেপাচ্ছেন, তিনি আসলে তৃণমূলেরই কর্মী। এরকম ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেতার এই আচরণকে লজ্জাজনক এবং এটাই তৃণমূলের সংস্কৃতি বলে সমালোচনা করেছে বিজেপি। কান্দি বিজেপির মণ্ডল সভাপতি বিনীতা রায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, “বেশ কয়েকদিন ধরে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। ওই তৃণমূল নেতা আরাম করে বসে পা টেপাচ্ছেন। আর যিনি পা টিপছেন তার চোখ দিয়ে জল পড়ছে। এটা দেখতে খুব খারাপ লাগছে। কিন্তু বাস্তবে এটাই হল তৃণমূলের সংস্কৃতি। এটা লজ্জাজনক ঘটনা”।

অন্যদিকে কংগ্রেসও এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূলকে। মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন যে নেতা এই কাণ্ড করেছেন, তিনি শুধু তৃণমূল নেতা নন, তিনি শ্রমিক ইউনিয়নের নেতা। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিরোধীরা তাদের অপপ্রচার করার চেষ্টা করছে। এই ছবি কংগ্রেসই তুলেছে বলে দাবী তৃণমূলের। এর পাল্টা জবাব দিয়ে জয়ন্ত দাস বলেন যে তিনি এমন কোনও বড় নেতা নন যে কংগ্রেস তাঁর ছবি তুলতে যাবে।

এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা বলেন যে তিনি এক সভায় পা পিছলে পড়ে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে অফিস ঘরে নিয়ে বসিয়ে তার পায়ে বরফ দিচ্ছিলেন। কেউ সেই ছবি তুলে এডিট করে অপপ্রচার করছে বলে দাবী তৃণমূল নেতার।

RELATED Articles