‘মাওবাদীরাও বলে আমরা প্রতিবাদের জন্য মানুষ মারি, এরাও তেমনই…’, জুনিয়র চিকিৎসকদের এবার মাওবাদীদের সঙ্গে তুলনা করলেন দেবাংশু

আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের অনশন এখনও চলছে। নিজেদের ১০ দফা দাবীতে অনড় তারা। আজ, সোমবার বিকেল ৫টার সময় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাদের। তাদের এই আন্দোলনকে বারবার নানানভাবে আক্রমণ শানিয়ে এসেছেন নানান তৃণমূল নেতারা। এবার তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মাওবাদীদের তুলনা টানলেন।

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য। বলেন, “চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে তো মাওবাদীদের কোনও তফাৎদেখছি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এরাও বলছে আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব”।

এরপরই বাংলাদেশের প্রসঙ্গ টানেন দেবাংশু। বলেন, “বাংলাদেশে অশান্তির পর রোগী আসা বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা ৪০ শতাংশ কমেছে। সেই ব্যবসা বাড়াতেই সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করা হয়েছে। ডাক্তারি একটি মহান পেশা। জুনিয়র ডাক্তারদের বুঝতে হবে যে তাঁরা এমন হুমকি দিতে পারেন না”। দেবাংশুর দাবী, জুনিয়র চিকিৎসকদের পেছন থেকে যারা আসলে কলকাঠি নাড়ছেন, তাদের চিনতে শিখুন।

বলে রাখি, গত শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টার সময় নবান্নে বৈঠকে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তবে মুঝ্যসচিবের তরফে ইমেল করে জানানো হয়েছিল, অনশন তুলে চিকিৎসকদের বৈঠকে যোগ দিতে হবে। এই নিয়ে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ’৪৫ মিনিট আলোচনা করলে একটা দাবী ৫ মিনিটেরও কম সময় শুনবেন উনি’?, মমতার বৈঠকে বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে প্রশ্ন চিকিৎসকদের

শনিবার রাতের বৈঠকের পর গতকাল, রবিবারও হয় জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক। সেই বৈঠকেই তারা সিদ্ধান্ত নেন, কোনও পূর্ব শর্ত মানবেন না তারা। অনশন তারা তুলবেন না এখনই। অনশন চালিয়েই আজ, সোমবার নবান্নে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জানান তারা।  

RELATED Articles