সামনে এল ভুয়ো পঞ্চায়েত প্রধানের ছবি। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় অভিযোগ আনা হয়েছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার তপসি পঞ্চায়েত অফিসে।
পঞ্চায়েত অফিসের প্রধানের ব্যক্তিগত চেয়ারে প্রধান সেজে বসে ছবি তুলেছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। আর সেখানেই তাঁর জয়জয়কার করেছে নানান মানুষ। ঝড়ের গতিতে বেড়েছে লাইক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। আর এই ছবির কারণেই ধরা পড়ে যান তিনি।
আরও পড়ুন- দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ধনখড়ের, রাজ্যপালের ঘন ঘন দিল্লি সফর বাড়াচ্ছে জল্পনা
এই নিয়ে বিরোধ চরমে ওঠে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, দুপিরে পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ যখন অফিসে ছিলেন না, তখন তাঁর চেয়ারে বসে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই তৃণমূল নেতা।
এই ঘটনায় বেজায় চটেছে ব্লক প্রশাসন। প্রধানের চেয়ারকে এভাবে অবমাননা করার জন্য অভিযুক্ত তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধানকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ বলেন, “এখন কাজের খুব চাপ। আমি দুপুরে বাড়িতে খেতে গিয়েছিলাম। অফিসের চেয়ার তো আর বাড়িতে তুলে নিয়ে যাব না! আমার অনুপস্থিতিতে কেউ যদি সেই চেয়ারে বসে থাকেন তবে তা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, আমি সেখানে উপস্থিত ছিলাম না। সকলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে আমায় ফোন করেছেন। উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তাই গৃহীত হবে”।
অন্যদিকে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত রাজুর দাবী, তিনি মজার ছলেই এই ছবিটি তুলেছিলেন। এর থেকে বেশি কিছু নয়। তবে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ শিক্ষার অভাবের জন্যই এমন সব কাণ্ডকারখানা ঘটাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন- মাসে ১ টাকা করে দিন, আর পেয়ে যান ২ লক্ষ টাকার কভারেজ, চালু হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প
এই ঘটনায় বিজেপি কটাক্ষ করে বলে, “ওই তৃণমূল কংগ্রেস নেতার আর দোষ কোথায়? সরকারি অফিস আর পার্টি অফিসের পার্থক্য তো তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীরা জানেন না, তাই এই ধরণের ঘটনা ঘটছে। এটাই ওদের কালচার”।





