দিল্লি সফরের প্রথমদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু কেন এই সাক্ষাৎ? বুধবার সাংসদ ভবন তজেকে বেরিয়ে অবশ্য রাজ্যপাল জানালেন, “সৌজন্য সাক্ষাৎ”।
গতকাল, মঙ্গলবার সন্ধ্যার বিমানে দিল্লি যান রাজ্যপাল। এরপর আজ, বুধবার দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সংসদভবনে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে দুজনের মধ্যে। তবে কী বিষয়ে আলোচনা, তা জানা যায়নি। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধনখড় বলেন, “দিল্লি এসেছি, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম”।
আরও পড়ুন- মাসে ১ টাকা করে দিন, আর পেয়ে যান ২ লক্ষ টাকার কভারেজ, চালু হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প
এদিকে, গতকাল, মঙ্গলবার বিকেলে আবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক সারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন তাঁর দলের নানান নেতারা। এই বৈঠকের পরই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন জগদীপ ধনখড়।
রাজ্যপালের এত ঘন ঘন দিল্লি সফর নিয়ে উঠছে প্রশ্ন। ক্রমেই বাড়ছে জল্পনা। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে কথা বলতে গত ১৭ই জুলাই দিল্লি গিয়েছিলেন ধনখড়। এর ৩ সপ্তাহের মধ্যেই ফের তাঁর দিল্লি যাত্রা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- নানান রাজ্যে বিজেপি সরকার কেমন কাজ করছে? নির্বাচনের আগে যাচাই করতে সমীক্ষা হবে NaMo App-এ
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যপালের এই সফরেও তিনি সাক্ষাৎ সারতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে। ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টকে হাতিয়ার করেই কী কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র? রাজ্যপালের দিল্লি সফর ঘিরে সেরকমই নানান প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের অন্দরে।





