গত শনিবার কলকাতা আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন বঙ্গ বিজেপির নেতারা। কিন্তু এরই মধ্যে দেখা গেল এক অনন্য চিত্র। দেখা গেল, সেদিন নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূলে যোগ দেওয়া জয় বন্দ্যোপাধ্যায়ও (Joy Banerjee)। হাতজোড় করে নমস্কার করে শুভেচ্ছা বিনিময় করেন নাড্ডা ও জয়। সেই ছবি ভাইরাল (viral photo) হতেই শোরগোল পড়ে গিয়েছে যে তাহলে কী জয় বন্দ্যোপাধ্যায় ফের বিজেপিতে (BJP) যোগ দিলেন?
গত শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতারা। প্রাক্তন সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎই সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে কার্যত অবাক হয়ে যান সকলে।
কিছুমাস আগেই তৃণমূলে ফিরে গিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। তাহলে নাড্ডাকে স্বাগত জানাতে তিনি বিমানবন্দরে কীভাবে গেলেন? কে-ই বা তাঁর নাম পাঠাল? এমন নানান প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির অন্দরে।
আসলে, নিয়ম অনুযায়ী, দিল্লি থেকে যদি কোনও শীর্ষনেতা আসেন, তাহলে তাঁকে কারা স্বাগত জানাতে যাবেন, তা বিজেপির রাজ্য নেতৃত্ব স্থির করে দেয়। সেইমতো বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআরপি কর্তৃপক্ষের কাছে নাম পাঠিয়ে দেওয়া হয় যাতে তাদের প্রবেশে কোনও বাধা না থাকে। তাহলে কী বিজেপির অফিস থেকেই গিয়েছিল জয় বন্দ্যোপাধ্যায়ের নাম? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
এই নিয়ে অবশ্য বিজেপি রাজ্য নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। নাড্ডাকে স্বাগত জানাতে যাওয়ার তালিকায় যদি জয় বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকত, তাহলে সিআরপি তাঁকে হাই প্রোফাইল ভিভিআইপি-র কাছে যেতেই দিত না। তাহলে তিনি কীভাবে নাড্ডাকে স্বাগত জানালেন?
এর থেকেই প্রশ্ন উঠেছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে কী তবে ফের একবার বিজেপিতে ফিরে এসেছেন জয় বন্দ্যোপাধ্যায়। যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। তবে এই ঘটনায় বেশ অস্বস্তিতে বিজেপি প্রোটোকল ইনচার্জ। কিন্তু খবর, জয় বন্দ্যোপাধ্যায় যে ওইদিন বিমানবন্দরে যাবেন, তেমন কোনও খবর তাদের কাছে ছিলই না। ফলে গোটা বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে।





