গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) এখন আপাতত জেলে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mandal) গতকাল জেরা করেছে ইডি (ED)। আজও ইডির দফতরে হাজিরা দিয়েছেন সুকন্যা। এমন পরিস্থিতিতে এবার অনুব্রতর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন নানুরের তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)।
কাজলের সঙ্গে কেষ্টর সংঘাত দীর্ঘদিনের পুরনো। সেই বাম আমল থেকে। নানুরের এই নেতাটি ফেসবুকে দু’টি বাংলা প্রবাদবাক্য লিখেছেন। প্রথমে লিখেছেন, “চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড় ধরা”। তারপরই লিখেছেন, “ধর্মের কল বাতাসে নড়ে”। তাঁর এই ফেসবুক পোস্ট নিয়ে রাজ্য-রাজনীতিতে বেশ হইচই শুরু হয়েছে।
নিজের এই পোস্টে অবশ্য সরাসরি কারোর নাম উল্লেখ করেন নি কাজল। তবে তাঁর এই খোঁচা যে অনুব্রতর দিকেই, তা আর বুঝতে কারোর বাকি নেই। কেষ্টর অনুগামীদের বার্তা দিতে চেয়েছেন কাজল, এমনটাই মনে করছেন অনেকে।
বলে রাখি, ফরওয়ার্ড ব্লক থেকে রানা সিংহকে দলে নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তখন থেকেই কাজলের সঙ্গে সংঘাত শুরু কেষ্টর। কেষ্ট-কাজলের বাহিনীর সংঘাতে বারবার উত্তপ্ত হয়েছে নানুর ও এর সংলগ্ন এলাকা। অনুব্রত যেমন কাজলের গণ্ডি কেটে তাঁকে নানুরে বন্দি রেখেছিলেন, তেমন কাজল বাহিনী নানুরে অনুব্রতর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল এক সময়ে।
অনেকের মতেই, কাজল হলেন ব্যতিক্রমী নেতা। তাঁর গায়ে কোনও দুর্নীতির দাগ নেই। মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে তাঁর। কাজলের এই ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কাজল এবার নানুরের বাইরে বেরিয়ে সংগঠন তৈরিতে হাত দেবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের রাজনীতিতে এক সমীকরণের দেখা কী মিলবে, এখন তা দেখার অপেক্ষাতেই সকলে।






