অসুস্থ মুকুল রায়, ভর্তি এসএসকেএমে, শারীরিক অবস্থার খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা মুকুল রায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তৃণমূল নেতার সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসক। এর জেরেই নানান শারীরিক সমস্যা তৈরি হয়েছে তৃণমূল নেতার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুকুলপুত্র শুভ্রাংশুকে ফোন করে মুকুল রায়ের শারীরিক অবস্থার খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায় পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছেন তিনি। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারমাম্য বজায় থাকছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ, বৃহস্পতিবার নিয়ম মেনে নানান শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

এদিন শারীরিক পরীক্ষা করাতে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করে রেখে চিকিৎসা করানোর কথা বলেন চিকিৎসকরা। এই কারণে আপাতত উডবার্ন ওয়ার্ডে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতালে সূত্রে খবর, মুকুল রায়ের চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন চিকিৎসক গৌতম গঙ্গোপাধ্যায়। তবে মুকুল রায়ের অবস্থা আপাতত স্থিতিশীল। এদিকে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের অসুস্থতার খবর পেয়ে মুকুলপুত্র শুভ্রাংশু রায়কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গীর খবরাখবর নেন তিনি। পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে নানান প্রশ্ন উঠছিল। তৃণমূলে ফিরে আসার পরও তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে দেখা যায়নি। আবার মাঝেমধ্যেই তাঁকে নানান মন্তব্য নিয়ে বিতর্ক বাড়িয়েছেন। এই সময় বিতর্ক থামাতে ছেলে শুভ্রাংশ বলেছিলেন, “মাকে হারানোর পর থেকেই ভেঙে পড়ছেন বাবা”। সম্প্রতি স্ত্রীকে হারিয়েছেন মুকুল রায়।

RELATED Articles