সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গড়বেতার তৃণমূলের একটি বৈঠকের ভিডিও। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা। এই ভিডিওতেই তৃণমূল বিধায়ক উত্তরা সিং হাজরাকে বলতে শোনা গেল, “দলের সকলেই গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে”। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।
ভাইরাল এই ভিডিওতে তৃণমূল বিধায়ক উত্তরা সিং হাজরাকে বলতে শোনা যায়, “যা হওয়ার হয়ে গিয়েছে। এবার দয়া করে যেন না হয়”। এরপরেই তিনি নিজের গলায় হাত দিয়ে বলেন, “আমাদের এতটা পর্যন্ত হয়ে গিয়েছে। আর যাতে না হয়। আমিও তার মধ্যে আছি। দল কারও ব্যক্তিগত নয়। দলের খারাপ হলে সবাইকে দোষী হতে হবে। আমি সাধু ছিলাম বললে তো হয় না”। শুধু তাই-ই নয়, এই ভিডিওতে বালি নিয়ে বখরা হওয়ার কথাও বলতে শোনা গিয়েছে বিধায়ককে।
তবে এই ভিডিওতে মাঝেমধ্যেই বিরোধিতা করতে দেখা যায় গড়বেতার প্রভাবশালী তৃণমূল নেতা অসীম ওঝাকে। তৃণমূল নেত্রীর মন্তব্যের মধ্যেই তিনি বলে ওঠেন, “কেউ চুরি করবে, তার দায় আমি নেব কেন”? এই ভিডিওকে ঘিরে বেশ অস্বস্তিতে পড়েছে শাসকদল।
এই ভিডিও সম্পর্কে উত্তরা সিং হাজরা বলেন, “ভিডিওটা পুরোটাই অসত্য। আমাদের মিটিং হচ্ছিল। বিধানসভা ভোটের পর আমাদের বৈঠক হচ্ছিল। সেটার একটা অংশ বিকৃত করে তুলে ধরা হয়েছে। পুরো মিটিংয়ের বক্তব্য শোনান। কথার ফাঁকে কথা হয়েছে। আমাদের মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে, সেটাই বলা হচ্ছিল। সেটাই বিকৃত করা হয়েছে”।
এদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে তোপ দাগতে ছাড়ে নি বিরোধী পক্ষ। ভাইরাল এই ভিডিও নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাসের দাবী, “তৃণমূলের অন্তর্কলহের ছবি যত প্রকাশ্যে আসছে ততই জেলায় জেলায় বাড়ছে বগটুইকাণ্ডের আশঙ্কা”। সব মিলিয়ে ভাইরাল এই ভিডিওকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে বেশ হইচই দেখা দিয়েছে।





