‘নোবেল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছিল’, বিতর্কিত মন্তব্য করে চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক

আজ, ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে নানা জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এদিনই রবীন্দ্রনাথকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তাঁর কথায়, “নোবেল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছিল। এই কারণেই আমাদের বাংলার ছেলেরা নোবেলটা চুরি করেছে”।

নিজের এহেন মন্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষভাবে তিনি নোবেল চুরি যাওয়াটাকে সমর্থনই জানালেন বলে দাবী ওয়াকিবহাল মহলের। কবিগুরু জন্মদিনে তাঁর নোবেল চুরি যাওয়া নিয়ে তৃণমূল বিধায়কের এমন মন্তব্য যে বেশ বিতর্কের সৃষ্টি করেছে, তা বলাই বাহুল্য। তৃণমূল বিধায়ক এও দাবী করেন যে সিবিআই নোবেল খুঁজে বের করতে পারেনি। কিন্তু বাংলার পুলিশ সেটা ঠিক খুঁজে বের করবে।

এদিন সকালে ভাতার ব্লক তৃণমূলের তরফে ওই এলাকাতেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এহেন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

এদিকে, আজ কলকাতার একটি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ শানান বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূলকে ‘চোর’ বলে তিনি দাবী করেন যে রবীন্দ্রনাথের নোবেল চুরি যাওয়ার সঙ্গে তৃণমূল জড়িত। তাঁর কথায় সমস্ত চুরির সঙ্গেই তৃণমূল জড়িত।

আর এরপরই ভাতারের তৃণমূল বিধায়কের এমন মন্তব্য সেই বিতর্কের আগুনে আরও ঘি ঢালল। তাঁর বাংলার ছেলেরাই নোবেল চুরি করেছে। তাঁর এমন বিতর্কের পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা। বিরোধীরা তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের কটাক্ষ করেছেন।

এদিন তৃণমূল বিধায়ক আরও বলেন, “যার জন্য (নোবেল চুরির কিনারা) সিবিআই, সিবিআই করে বিজেপি এখনও লাফাচ্ছে, সেই সিবিআই নোবেলটা বের করতে পারেনি। আজ সেই নোবেলটা বের করার জন্য বাংলার পুলিশকে লাগানো হচ্ছে। সিবিআইকে বলা হয়েছে আপনারা সমস্ত তথ্য দিন, আমরা সেটা বের করার চেষ্টা করব”। তৃণমূল নেতার এমন মন্তব্যের কটাক্ষ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণে নিজের এহেন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

RELATED Articles