ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, মাজারে গিয়ে টাকা বিলি তৃণমূল বিধায়কের, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, ভাইরাল ভিডিও

ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই ফুঁসে উঠলেন বিরোধীরা (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। বিরোধীদের দাবী, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচনী বিধি লাগু হয়েছে। আর এমন কাজ করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তৃণমূল নেতা।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, গত মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে একটি পীরের মাজারে গিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি চাদর চড়ান মাজারে। এরপরই এক ঘটনা নজরে আসে যা নিয়ে শুরু হয় তুমুল চর্চা।

দেখা যায়, মাজার চত্বরে থাকা দুঃস্থ মানুষদের মধ্যে টাকা বিলি করছেন তিনি। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল বিধায়ককে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। তাদের দাবী, তৃণমূল বিধায়ক সেখানে ভোট প্রচার করতেই গিয়েছিলেন। সেখানে টাকা বিলি করে তিনি ভোটারদের প্রভাবিত করেছেন। এই ঘটনাকে ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের আওতায় ফেলেছেন।  

কী বলছেন বিরোধীরা?

এই ঘটনা প্রসঙ্গে আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের সঙ্গে এখন সাধারণ মানুষ নেই। তাঁদের কাছে রেশন, চাকরি, কয়লা, জমি চুরির টাকা রয়েছে। তৃণমূল তাই টাকা দিয়ে ভোটারদের কেনার চেষ্টা করছে”।

তৃণমূল বিধায়কের এই ঘটনাকে হাতিয়ার করে তোপ দাগতে ছাড়ে নি কংগ্রেসও। কংগ্রেস জেলা সম্পাদক দেবেশ চক্রবর্তী বলেন, “তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এই ভোটে তাঁদের অবস্থা খারাপ। সংখ্যালঘুরাও তাঁদের পাশে নেই। তাই চুরির টাকা দিয়ে ভোটার কেনার চেষ্টা করছে। নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ জানাব”। যদিও এই বিষয়ে অভিযুক্ত বিধায়ক বা তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।

RELATED Articles