সুপ্রিম কোর্টের নির্দেশের উপেক্ষা করে কর্মবিরতি বজায় রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল, মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তারা। এমন পরিস্থিতিতে এবার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
আজ, বুধবার তিনি বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। আরজি করের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তাই বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এজিনিস আর বরদাস্ত করব না”।
তৃণমূল বিধায়কের সংযোজন, “ডাক্তাররা যখন সরকারি ভাতা ও বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব।সেই জায়গায় আমরা হাত দিলে তখন কী হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে”।
বলে রাখি, গত সোমবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। এদিন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তবে জুনিয়র চিকিৎসকরা সেই রাতেই জানিয়ে দেন, তাদের দাবী না মেটা পর্যন্ত তাদের কর্মবিরতি চালু থাকবে। তারা জানান, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের ৫ দফা দাবী মানতে হবে রাজ্য সরকারকে।
আরও পড়ুনঃ ‘যে বঙ্গবানরা মমতাকে চটিপিসি বলছে, তারাই আবার একটি মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার জন্য আন্দোলন করছেন’, আন্দোলনকারীদের কটাক্ষ কবীর সুমনের
গতকাল, মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব, নবান্নের তরফে তাদের মেইল করা হয়েছে আলোচনার জন্য। যদিও চিকিৎসকদের দাবী, তাদের শর্ত মেনে আলোচনা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ, বুধবারের মধ্যে এই ঘটনার কোনও রফাসূত্র বের হয় কী না, সেটাই দেখার।





