‘জিনা হা’রা’ম করে দেব’, ভাঙড়ের সভায় ফের বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লার, শুরু রাজনৈতিক চাপানউতোর

সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় গিয়েছে ভাঙড়। কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওই এলাকা। দলীয় পতাকা লাগানো নিয়ে ফের সংঘর্ষ বাঁধে তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে। এসবের মধ্যে এবার বিরোধীদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করে তুমুল বিতর্কে জড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

গতকাল, শনিবার ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। এই সভাতেই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

কী বললেন তৃণমূল বিধায়ক?

শওকত মোল্লা এদিন বলেন, “প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাঁদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, বোদরা এলাকায় তাঁদের জিনা হা’রা’ম করে দেব! দ্বায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি। রাজনৈতিক লড়াইয়ে দু-একজন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না”।

তাঁর এহেন মন্তব্য নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। অন্যদিকে আবার বিরোধীদের গ্রাম ছাড়া করার ও সমাজ থেকে বয়কট করার নিদান দিয়েছেন মালদহের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সী। তা নিয়েও ইতিমধ্যে বিতর্ক তুঙ্গে।  

উল্লেখ্য, খড়গাছিতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বাঁধে তৃণমূল ও আইএসএফের মধ্যে। মারধরের ঘটনাও ঘতে।এই ঘটনায় আহত হন তিনজন তৃণমূল কর্মী। সেই ঘটনার প্রতিবাদেই গতকাল, শনিবার বিক্ষোভ সভা করে তৃণমূল। আর সেই সভা থেকেই পাল্টা মন্তব্য ছুঁড়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক।  

RELATED Articles