TMC রাজত্বে দাদাগিরি! ১০ প্লেট বিরিয়ানি বিনামূল্যে না পেলেই ব্যবসায়ীর মাথা ফাটিয়ে হামলা!

কলকাতার মানুষ আর বিরিয়ানি—এই দুটো যেন একে অপরের পরিপূরক। যেকোনো উৎসব হোক বা বন্ধুর সঙ্গে আড্ডা, এক প্লেট বিরিয়ানি থাকলেই যেন মন ভালো হয়ে যায়। তবে এই বিরিয়ানিই যে কারও জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে, তা ভাবতে পারেন? শুধু বিরিয়ানি দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে! এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী নিউটাউনের শাপুরজি এলাকা।

প্রতিদিন সন্ধ্যেবেলা নিউটাউনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ছোট-বড় দোকানগুলোয় খাবারের জন্য ভিড় জমে। কেউ ফুচকা খেতে আসে, তো কেউ বিরিয়ানির স্বাদ নিতে হাজির হয়। রূপম বিশ্বাসও এমনই এক ছোট ব্যবসায়ী, যিনি তাঁর দোকানে সাধ্যের মধ্যে ভালো বিরিয়ানি পরিবেশন করেন। কিন্তু তাঁর সেই ভালোবাসার ব্যবসাই কাল হয়ে দাঁড়াল এক যুবকের দাদাগিরির জন্য। বিনা পয়সায় বারবার বিরিয়ানি খাওয়ার দাবি, আর না মানলেই শুরু হয় অত্যাচার!

ঘটনাটি ঘটেছে নিউটাউনের শাপুরজি এলাকায়। পাথরঘাটার বাসিন্দা রূপম বিশ্বাস সেখানে একটি ছোট বিরিয়ানির দোকান চালান। অভিযোগ, এক যুবক প্রায়ই দোকানে এসে জোর করে বিরিয়ানি নিয়ে যেত, কিন্তু কোনওদিনই দাম দিত না। এমনকি, দোকানের কর্মচারীদের ভয় দেখিয়ে তোলাবাজিরও চেষ্টা করত। ঘটনার দিন সন্ধ্যায় রূপমবাবু দোকানে ছিলেন না, তিনি পাশেই নিজের বাড়িতে খেতে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক এসে ১০ প্লেট বিরিয়ানি চায় এবং জানায়, সেটি তাকে ধারেই দিতে হবে। দোকানের কর্মচারীরা টাকা চাইলে সে রেগে গিয়ে দোকানে ভাঙচুর চালায়।

আরও পড়ুনঃ ৮ লক্ষ টাকার দেনা, বন্ধুত্ব থেকে ভয়ংকর বিশ্বাসঘাতকতা! ব্যবসায়ীকে খুন করে ট্রলি ব্যাগে ভরল পরিচিতরাই!

রূপমবাবু দোকানে ফিরে আসার পর এই দৃশ্য দেখে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক আরও রেগে যায়। অভিযোগ, সে একটি ক্রিকেটের উইকেট দিয়ে সরাসরি রূপমবাবুর মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যান ব্যবসায়ী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর একাংশ জানাচ্ছেন, ওই যুবক প্রায়শই মদ্যপ অবস্থায় থাকত এবং বিভিন্ন দোকানে গিয়ে দাদাগিরি করত।

হাসপাতাল থেকে ফিরেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন রূপমবাবু। তাঁর দাবি, অভিযুক্ত যুবকের নাম অজয় সর্দার, যে দীর্ঘদিন ধরেই এমন কাজ করে আসছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। নিউটাউন শাপুরজি এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন এবং পুলিশের কাছে দোষীর দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন। কলকাতার মতো শহরে এভাবে প্রকাশ্যে দাদাগিরির ঘটনা ঘটায়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর