‘দলে মহিলাদের কোনও সম্মান নেই’, বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ মহিলা নেত্রী-সহ একাধিক তৃণমূল নেতা

দলের মধ্যে মহিলাদের কোনও সম্মান নেই। টাকার বিনিময়ে ভোটের টিকিট অন্যকে দিয়ে দেওয়া হয়। এমন নানান অভিযোগ তুলে ঘাসফুল শিবিরকে তোপ দাগলেন রুবিনা বিবি। গতকাল, রবিবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেন তিনি। এদিন রুবিনা ছাড়াও আরও একাধিক তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে।

কে এই রুবিনা বিবি?

গত পুরসভা নির্বাচনে দুবরাজপুর পুরসভায় নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন রুবিনা বিবি। তবে নির্বাচনে হেরে যান তিনি। তাঁর অভিযোগ ছিল, পুলিশ তাঁর ইভিএম বদলে দিয়ে তাঁকে হারিয়েছে। আরও নানান অভিযোগ ছিল তাঁর। এরপর গতকাল, রবিবার বীরভূম জেলা বিজেপি কার্যালয়ে ধ্রুব সাহার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন রুবিনা বিবি। এদিন বিজেপির হাত ধরেন একাধিক তৃণমূল নেতা।   

কী বললেন রুবিনা বিবি?

এদিন বিজেপিতে যোগ দিয়ে রুবিনা বিবি বলেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তৃণমূলের হয়ে কাজ করেছিলাম। গত পুরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে আমার নামে টিকিট ছিল। কিন্তু শেষ দিনে তা অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়। যাঁর সঙ্গে দলের তেমন সম্পর্ক নেই”।

রুবিনা জানান, তৃণমূলের থেকে টিকিট না পাওয়ার পর তিনি নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, “কারচুপি করে আমাকে হারানো হয়। তৃণমূলের হয়ে অনেক খেটেছি। এখানে কোনও দাম নেই। মহিলাদেরও নাম নেই, সম্মান নেই। তাই তৃণমূলে থাকতে চাই না। বিজেপিতে যোগ দিলাম”।

কী বক্তব্য পদ্ম শিবিরের?

রবিনা বিবির এই যোগদানের প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, “রুবিনা বিবি আজ আমাদের দলে যোগ দিলেন। দুবরাজপুর পুরসভায় রুবিনা বিবি নির্দল হয়ে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিল। নৈতিক জয় হয়েছিল তাঁর। কিন্তু প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে তাঁকে হারানো হয়েছে। রুবিনা বিবি-সহ পাঁচ জন নেতা যোগ দিয়েছেন”।

আরও অন্যান্য খবর