শীত কার্যত উধাও বঙ্গ থেকে। গতকাল, রবিবার থেকেই কনকনে ঠাণ্ডার প্রভাব কমে গিয়েছে। ফের আবহাওয়া বদলের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনেই দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বলে জানা গেল। আর এরই মধ্যে আবার বাংলার নানান প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
কেন ফের বৃষ্টি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর এর দোসর পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাবে। আর এর জেরেই কমেছে শীত। আর বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়ের কারণে ফের একবার ভিজবে বাংলার মাটি।
কবে থেকে হবে বৃষ্টি?
হাওয়া অফিস জানাচ্ছে, আজ, সোমবার কলকাতা-সহ বিস্তীর্ণ জেলার আকাশ পরিষ্কারই থাকবে। তবে বুধবার থেকে রাজ্যে হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ,নদিয়া ও দুই বর্ধমানে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি সম্ভাবনা।
বৃহস্পতিবার গোটা বাংলাতেই সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
বলে রাখি, গতকাল, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ, সোমবার ভোরে শহরের সর্বনিম্ন রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ।
অন্যান্য রাজ্যে কেমন আবহাওয়া?
মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। আগামী বুধ ও বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর ও লাদাখ-সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তুষারপাতও হতে পারে। পাঞ্জাব হরিয়াণা, চণ্ডীগড় ও উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, এই বৃষ্টি চলতে পারে বুধবার থেকে শুক্র, শনিবার পর্যন্ত।






