‘জামাকাপড় খুলে নেব, কলাপাতা পরে বাড়ি ফিরতে হবে সুকান্তকে’, ফের কুকথা উদয়নের, বিতর্কের মুখে তৃণমূল নেতা

বঙ্গ রাজনীতিতে একে অপরকে কুকথা বলে শানানো, আক্রমণ করা যেন এক রুটিনে পরিণত হয়েছে। ফের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটুবাক্যে শানালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই মন্তব্যের আবার পাল্টা জবাবও দিলেন বিজেপি নেতা সজল ঘোষ।

এমনিতে মাঝেমধ্যেই নানান বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান উদয়ন গুহ। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি শানাতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। সুকান্তর উদ্দেশে উদয়ন বলেন, “সুকান্ত মজুমদারকে বলছি, নিরাপত্তারক্ষী না নিয়ে রাস্তায় বের হন, সাধারণ মানুষ জামাকাপড় খুলে নেবে। কলাপাতা পরে বাড়ি ফিরতে হবে”।

তৃণমূল নেতার এহেন মন্তব্যে বেশ বিতর্ক দানা বেঁধেছে। আসলে, কোচবিহারে গিয়ে উদয়ন গুহকে হুমকি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। বলেছিলেন, “নিরাপত্তারক্ষী না থাকলে উদয়ন গুহ ১৫ মিনিটে শেষ”। তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়েই এমন কুমন্তব্য করলেন তৃণমূল নেতা।

উদয়নকে পাল্টা জবাব দিতে গিয়ে আবার বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি নেতা সজল ঘোষ। উদয়নের মন্তব্যের কটাক্ষ করে তিনি বলেন, “রাজনীতিতে কুকথার আমদানি করেছে তৃণমূল। এটা ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এধরনের কথা ভালভাবে নিচ্ছে না। এরপরই রাজ্যের মন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন সজল ঘোষ। বলেন, বাবার পরিচয় ছিল বলে করে-কম্মে খাচ্ছে। ওঁর (উদয়ন গুহ) বাবার নাম বদনাম করেছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে”।

এরপরই সজলের হুমকি, “সুকান্ত একা নন, রাস্তাঘাটে সবাইকে বের হতে হয়। রাজ্যের বিভিন্ন রাস্তা, কলকাতার রাস্তাতেও সবাইকে হাঁটতে হয়। পতাকা ছেড়ে ওঁর জেতার ক্ষমতা ছিল না। পুলিশ ছাড়া রাস্তায় নামুক উদয়ন, তারপর বুঝব”।

RELATED Articles