বলে কি! ‘পরে আবার খাবেন, আগামী ছয় মাস খাওয়াদাওয়া বন্ধ রাখুন!’ বিধায়ক উদয়ন গুহর মন্তব্যে বিপাকে তৃণমূল !

বিধানসভা ভোটের আর মাত্র ৬ মাস বাকি। বাংলার মসনদ জিততে উঠে পড়ে লেগেছে শাসক এবং বিরোধী দুই পক্ষই। চাপ হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুই দলের নেতা-নেত্রীরাই। আর এবার শুক্রবার দিনহাটায় একটি কর্মীসভায় দলের হাঁড়ির খবর দিয়ে দলকে বিপাকে ফেললেন তৃণমূলের (All India Trinamool Congress) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। সোশ্যাল সাইটে ব্যাপক ভাইরাল হয়েছে তার মন্তব্য।

কি বলেছেন উদয়ন গুহ? উক্ত কর্মীসভায় ওই তৃণমূল নেতা বলেন ‘এতদিন অনেক খেয়েছেন, আগামী দিনেও অনেক খাওয়ার সুযোগ পাবেন। তাই এই ছয়মাস খাওয়া বন্ধ রাখুন।‘ এই খাওয়ার আসল অর্থ বুঝতে বিশেষ সময় লাগেনি বিরোধী দলগুলির। উদয়নের এই মন্তব্যকে হাতিয়ার করে ভোটের ময়দানে ইতিমধ্যেই নেমে পরেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ শাসক দলের বিধায়কের মন্তব্যেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে কীভাবে দুর্নীতি হচ্ছে।

কোচবিহারের বিজেপি সভাপতি মালতি রাভা তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেন, বিধায়ক নিজের মুখেই স্বীকার করেছেন যে তাঁদের দলের সবাই দুর্নীতির সাথে যুক্ত। বিধানসভা নির্বাচনের আগে এরকম চুরি-লুট আর কাটমানি খেলে মানুষ পাশে থাকবে না। তাই তিনি আপাতত ছয় মাস সাধু হয়ে থাকতে বলেছেন। আর এরপর যদি ক্ষমতায় আসে, তাহলে এই ছয় মাসেরও জের তুলে নেবে তাঁরা। তিনি জানান, মানুষ তৃণমূলের এই স্বপ্ন সার্থক হতে দেবে না। মানুষ এখন সব বোঝে। এর যোগ্য জবাব আগামী নির্বাচনে দেবে মানুষ।

বিরোধীদের বক্তব্য, বাংলার আমজনতাকে বোকা বানিয়ে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নেতা/নেত্রীরা অবাধে লুট চালিয়ে যাচ্ছে। আর সেটারই একটা ‘ছোট্টো’ উদাহরণ দিয়েছেন বিধায়ক উদয়ন গুহ। যদিও তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল স্তরে তৃণমূলের একটি কর্মীসভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি ভাষণ দেওয়ার সময় দলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধানদের আপাতত কাটমানি না খাওয়ার পরামর্শ দেন।

RELATED Articles