ভোট শুরু হয়ে গেছে। গতকাল অষ্টম দফার মধ্যে প্রথম দফার ৩০ আসনে নির্বাচনও হয়ে গেছে। কিন্তু এখনও প্রার্থী নিয়ে বিক্ষোভ বন্ধ হয়নি। ২০২১ বিধানসভা ভোটে কালিয়াগঞ্জে সৌমেন রায়কে প্রার্থী হিসেবে বিজেপি নাম ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। বহিরাগত তকমা দিয়ে বিজেপি কর্মী-সমর্থকরাই বিক্ষোভ দেখান। এরই মধ্যে একটি ভিডিয়োতে প্রার্থীর বিরুদ্ধে প্রচার করবেন বলে জানান তাঁর স্ত্রী। আর এবার গেরুয়া শিবিরের প্রার্থী সৌমেন রায়কে বদলের দাবিতে আমরণ অনশন শুরু করলেন সেখানকার বিজেপি কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন–WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে
সূত্রের খবর, শনিবার সকালে কালিয়াগঞ্জে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেয় যে প্রার্থী বদলাতে হবে৷ এর পরেই কালিয়াগঞ্জ বিধানসভার আহ্বায়ক-সহ ৩ বিজেপি নেতা মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসে পড়েন। তাঁদের একটাই দাবি, সৌমেনের বদলে কোনও ভূমিসন্তানকে প্রার্থী করতে হবে৷ কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি-র আহ্বায়ক রাণাপ্রতাপ ঘোষ বলেন, ‘‘আমরা জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে সবটা বলেছি। সবটা জানার পরও প্রার্থী পরিবর্তন করা হয়নি। এই ঘটনার প্রতিবাদেই আমরা আমরণ অনশন শুরু করেছি। মনোনয়নের শেষ দিনের আগে প্রার্থী পরিবর্তন না হলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করাব বলে ঠিক করেছি। তবে কাকে প্রার্থী করব সে বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।’’
আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভায় সৌমেনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেছিলেন, ‘‘প্রার্থী কে সেটা বুঝে উঠতে পারছি না।’’ তার মধ্যেই সৌমেনের বৈধ স্ত্রী পরিচয় দিয়ে শর্বরী সিংহ নামের এক মহিলার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে সৌমেনের চরিত্র খারাপ বলেও অভিযোগ করেন শর্বরী। তিনি কালিয়াগঞ্জে গিয়ে সৌমেনের বিরুদ্ধে প্রচার করবেন বলে জানান। সম্প্রতি শর্বরী ফালাকাটা থানায় অভিযোগ করেন, সৌমেন তাঁকে প্রাণে মারার জন্য লোক পাঠাচ্ছেন।
আর যাঁকে নিয়ে এত সমস্যা সেই সৌমেন রায় কি বলছেন? শনিবার জেলা বিজেপি-র কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন বলেন, ‘‘কর্মীরা কেউ অনশন করছে বলে শুনিনি। খোঁজ নেব।’’





