আগামী সপ্তাহে বড় দুর্ভোগের মুখে পড়তে চলেছে কলকাতাবাসী। শহরে বন্ধ থাকবে জল সরবরাহ। ফলে জলের জন্য বেশ ভোগান্তি পোহাতে হবে শহরবাসীকে। জল সরবরাহ বন্ধ থাকার খবর জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
জানা গিয়েছে, মেরামতি হবে টালা ও পলতার ট্যাঙ্ক। সেই কারণেই শহরের বিস্তীর্ণ এলাকায় আগামী সপ্তাহে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, পলতা জল উৎপাদন ও টালা সরবরাহ কেন্দ্র মিলিয়ে ৫০টি নানান ধরণের মেরামতের কাজ চলবে।
জানা গিয়েছে, এই মেরামতির কাজের মধ্যে রয়েছে পাইপের ছিদ্র মেরামত, চেক ভালভ, জলের চাপ নিয়ন্ত্রণ-সহ নানান বিষয়। পুরসভার এক কর্তা জানান, পলতা থেকে প্রতিদিন গড়ে ২৪২ মিলিয়ন জল উৎপাদন হয়। কিন্তু সব জল সরবরাহ করা হয়না রোজ। টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রাখতেই নিয়ম করে রোজ কিছুটা পানীয় জল রাখা হয়।
এই জল সরবরাহ বন্ধ থাকার কারণে জল দুর্ভোগ পোহাতে হবে উত্তর ও মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ডের মানুষকে। এই সমস্ত এলাকায় আগামী সপ্তাহে বন্ধ থাকবে জল সরবরাহ। আবার একইরকমভাবে সল্টলেক পুরসভার প্রায় ৪০ ভাগ এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। গোটা কলকাতা পুর এলাকার প্রায় ৬৫ শতাংশ এলাকাতেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ হাত-পা বাঁধা, ৪ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার তরুণীর ভয়াবহ দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের
এই জল সরবরাহ বন্ধ থাকবে আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টার পর থেকে গোটা দিনরাত। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, “টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই ১৪ তারিখ সকালের জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে”।





