ফের দুর্যোগের ঘনঘটা! কালো মেঘ আকাশে, কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, জারি সতর্কতা

মঙ্গলবার সকাল থেকেই আকাশ ঢেকেছে কালো মেঘে। আগামী কয়েল ঘণ্টার মধ্যেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উপর থেকে নিম্নচাপ সরেছে ঠিকই, কিন্তু আগস্টের শেষের দিকে যেন বর্ষা জমিয়ে বসতে চাইছে।

এই বৃষ্টির জেরে রাজ্যে বৃষ্টির ঘাটতি মিটবে না ঠিকই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে জনজীবন জেরবার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দুই ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। এই কারণে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত কারণে ঘামে ভুগবে শহরবাসী। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী তিন-চারদিন হালকা বৃষ্টি হবে। আগামী দু-তিনদিনে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের নানান জেলায় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে। আর এর জেরে অস্বস্তিও বাড়বে। তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED Articles