ফের গভীর নিম্নচাপের জের! পুজোর সময় ভাসতে পারে বাংলা, আজ সন্ধ্যের পর ভারী বৃষ্টির সম্ভাবনা শহরে

ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। এর জেরে পুজোর আগে ফের একপ্রস্থ ভিজতে পারে বাংলা।, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে কলকাতা-সগ দক্ষিণবঙ্গের নানান জেলা ভাসবে বৃষ্টিতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে। তব গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। এরপর তা ধীরে ধীরে পশ্চিম, মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিক অগ্রসর হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল হয়ে ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। আর এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে তুমুল বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

জানা যাচ্ছে, আজ, শুক্রবার সন্ধ্যের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের নির্দেশ, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

RELATED Articles