পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হল গুটখা, পান মশলা-সহ তামাকজাত দ্রব্য, ঘোষণা সরকারের

গুটখা, তামাকজায় দ্রব্য শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু এইসব সামগ্রী বিক্রিতে বেশ আয় হয় সরকারের। তবে মানুষের কল্যাণ সাধনেই নানান রাজ্যেই ধীরে ধীরে এই গুটখা, পান মশলা, তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার চেষ্টা চলছে। এবার সেই পথেই হাঁটল পশ্চিমবঙ্গও। এই রাজ্যেও নিষিদ্ধ হল গুটখা, পান মশলা, তামাকজাত দ্রব্য।

রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে আগামী ৭ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলার মতো নানান তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ, সেবন নিষিদ্ধ হবে। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক বছরের জন্য।

জানা গিয়েছে, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

বলে রাখি,, এর আগে ২০১৯ সালেও এই একই ভাবে গুটখা, পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মমতা সরকারের তরফে। ২০১৩ সালেও একবার এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে খৈনি, গুটকা, পানমশলা নিষিদ্ধ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দু’বারই এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু প্রতিবারই সাধারণ মানুষের সচেতনতার অভাব এবং আইন তোয়াক্কা না করার মনোভাবের জেরে খোলা বাজারে দেদার বিক্রি হয়েছে গুটখাসহ অন্যান্য তামাকজাত দ্রব্য।

RELATED Articles