নিম্নচাপের জেরে বৃষ্টির দাপট দেখেছে বাংলা। আপাতত কয়েকদিন বৃষ্টি থেকে মিলেছে মুক্তি । তবে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে শনিবার। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে সোমবার নাগাদ। তবে নিম্নচাপের অভিমুখ কোন দিকে হবে সেই নিয়ে স্পষ্ট ধারণা মেলেনি। ফলে এ বিষয়েও স্পষ্ট ধারণা করা যায়নি যে নিম্নচাপের প্রভাবে ফের একবার বৃষ্টির দাপট দেখা যাবে কী না রাজ্যে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার
আজ, শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও। শনিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মূলত পরিষ্কার। কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে সাময়িকভাবে। তবে বৃষ্টিপাত কমায় বাড়ছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দেখা দিচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্যে। তবে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গ দিতে পারে বজ্রবিদ্যুৎও।
আগামীকাল, রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত উপকূলীয় অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে জেলাগুলির সমস্ত জায়গায় হবে না বৃষ্টিপাত।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উত্তরের জেলাগুলির তাপমাত্রাও। এমনকি পার্বত্য অঞ্চলের জেলা, দার্জিলিং এবং কালিম্পংয়েও তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। উত্তরবঙ্গেও আপাতত সম্ভাবনা নেই ভারী বৃষ্টির। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। পার্বত্য অঞ্চলগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।





