আর জি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের ‘দাদাগিরি’! আন্দোলনে হুমকি-হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভয়ঙ্কর কাণ্ড দমদমে

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ-আন্দোলন। সমাজের সমস্ত স্তরের মানুষ সামিল হয়েছেন এই আন্দোলনে। ন্যায় বিচারের দাবীতে উঠছে প্রতিবাদী স্লোগান। জমায়েত, মিছিল,রাত দখল নানান কর্মসূচি দিকে দিকে। এবার এই প্রতিবাদ আন্দোলনেই তৃণমূলের দাদাগিরির অভিযোগ উঠল ফের। আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে আংশিক কর্মবিরতি উঠেছে তাদের। আজ, শনিবার থেকে জরুরি পরিষেবার কাজে যোগ দিচ্ছেন তারা। তবে ন্যায় বিচারের দাবীতে তাদের আন্দোলন যে জারি থাকবে, তা তারা স্পষ্ট জানিয়েছেন। জারি সাধারণ মানুষের আন্দোলনও। আর এই আন্দোলনেই এবার হুমকি, হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে দেখা গিয়েছে কয়েকজন সাধারণ নাগরিককে রীতিমতো হুমকি দিচ্ছেন একদল ব্যক্তি। বয়স্ক মানুষদের এক জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে দেখা গিয়েছে ভিডিওতে। সেই ঘটনার ভিডিও করায় মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনাটি দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের। জানা গিয়েছে, আর জি করের তিলোত্তমার ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলেন সেখানকার সাধারণ মানুষ। পথ চিত্র আঁকার পরিকল্পনা করেছিলেন তারা। তবে তাতে বাধ সাধে তৃণমূল। তাদের সেই আন্দোলন প্রতিবাদে দাদাগিরি চলে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।

জানা গিয়েছে, ওই আন্দোলনে সামিল ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর সবিতা চৌধুরী। সামিল হয়েছিলেন একাধিক বয়স্ক মানুষও। তাদেরই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাদের কর্মসূচিতে হামলা চালানো হয় বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের নেতৃত্বে, এমনটাই অভিযোগ উঠেছে। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা শাসানি দিচ্ছেন আন্দোলনে অংশগ্রহণকারীদের।

এই বচসার মধ্যেই হাতাহাতিও হয় দু’পক্ষের। সাধারণ নাগরিককে সরিয়ে দেওয়া হয় কর্মসূচিস্থল থেকে। তাদের হুমকি-শাসানি দেওয়া হয়েছে বলেও দেখা গিয়েছে ভিডিওতে। এই ঘটনার ভিডিও করায় মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদ করার শাস্তি, দুই কলেজ ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে 

বলে রাখি, সাধারণ মানুষের এমন বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের হামলার অভিযোগ নতুন নয়। এর আগে কোচবিহারের মাথাভাঙাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের উপর হামলা চালিয়েছিলেন তৃণমূল নেতারা। আন্দোলনকারীদের মারধর করা হয়। শুধু তাই-ই নয়, আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে এর আগে দমদমেরই নাগেরবাজার মোড়ে হুমকি দিতে দেখা গিয়েছিল তৃণমূল কাউন্সিলরকে। আর এবার ফের সেই দমদমেই ঘটল এমন এক ঘটনা।    

RELATED Articles