জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক, এই দুই বিজেপি সাংসদ এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। এই দুজনেই জিত হাসিল করেছেন। এর ফলে এবার প্রশ্ন উঠছে, এই দু’জন কোন পদটি বেছে নেবেন। তারা কী সাংসদই থাকবেন নাকি বিধায়ক হবে। আজ, শুক্রবার বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। কিন্তুনেই দুজনের কেউই সেখানে উপস্থিত ছিলেন না। এর জেরে জল্পনা বেড়েছে রাজ্য রাজনীতিতে।
এবারের বিধানসভা নির্বাচনে চারজন সাংসদকে বাংলায় প্রার্থী করেছিল বিজেপি। দু’জন জিতেছেন, দু’জন হেরে গিয়েছেন। জয়ী প্রার্থী হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এই নিয়ে দুই সাংসদই এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কোনও উত্তর দিতে রাজি হননি।
এদিকে নিশীথ ও জগন্নাথ- দু’জনই যদি সাংসদ পদ ছাড়েন, তাহলে দুটি লোকসভা আসনে আবারও নির্বাচন হবে। তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, একুশের নির্বাচনের ফল দেখার পর গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠছে, এই দুটি লোকসভা আসন কি আবার ভোট হলে ধরে রাখতে পারবে পদ্ম শিবির? কারণ ২০১৯-এর পর বাংলার পরিস্থিতি অনেকটা বদলেছে। কারণ মমতা জিতেছেন ২১৩টি আসনে। সেক্ষেত্রে এই বিষয়টিও ভাবাচ্ছে বিজেপি নেতৃত্বকে।
আবার নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার যদি বিধায়ক পদ ছেড়ে দেন, তাহলেও সেক্ষেত্রে দুটি বিধানসভা আসনে ফের ভোট হবে। এদিকে বাকী দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বাবুল সুপ্রিয় নিজের নিজের আসনে হেরে গিয়েছেন। ফলে তারা সাংসদের পদেই বহাল থাকছেন।
আরও পড়ুন- বিজেপি করা ‘অপরাধ’! প্রকাশ্য রাস্তায় ‘বাংলার মেয়ে’কে কান ধরে উঠবস করালেন তৃণমূল নেত্রী
নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের সঙ্গে কী হবে, এ সিদ্ধান্ত দল নেবে বলেই জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি দল। এই কারণেই হয়ত আজ, শুক্রবার শপথগ্রহণে তাদের অনুপস্থিতি দেখা গিয়েছে।





