রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসছেই না। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর খবর দিনের পর দিন বেড়েই চলেছে। এই নিয়ে বঙ্গবাসীর মধ্যে বেড়েছে আতঙ্ক। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণ ক্রিকেটারের। রাজ্যজুড়ে এখন ডেঙ্গুর চোখ রাঙানিতে সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতির।
জানা গিয়েছে, ডেঙ্গুতে প্রাণ হারানো ওই তরুণ ক্রিকেটারের নাম বাপ্পা রায়। বয়স ২৩ বছর। শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে, জ্বর আসার পর একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই বুধবার মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি সবথেকে খারাপ। ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। একের পর এক মৃত্যুর খবর মিলছিল। তবে শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এটাই প্রথম। জানা গিয়েছে, মৃত বাপ্পা রায় জাগরণী সংঘ কোচিং সেন্টারে ক্রিকেট খেলতেন। প্রথম ডিভিশনের ক্রিকেট লিগেও খেলেছেন তিনি।
রাজ্যে একের পর এক ডেঙ্গুতে মৃত্যুর খবর সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকা পরিদর্শনে যাবেন গৌতম দেব। বিরোধীদের অভিযোগ, পৌরসভা ডেঙ্গুর মশা নিধনে উদাসীন হয়ে রয়েছে। তাদের অভিযোগ, পুজোর উদ্বোধন, কার্নিভাল সব ঠিকঠাক চললেও, ডেঙ্গু মোকাবিলার কাজ চলছে ধীর গতিতে। এর জেরেই এত মৃত্যু হচ্ছে রাজ্যে।





