রঙের উৎসবের দিন বিজেপি লেখা গেরুয়া গেঞ্জি পড়েছিলেন। এই অপরাধে ব্যাপক মারধর করা হয় ব্যক্তিকে। আর বাবাকে বাঁচাতে গিয়েই অপরাধীদের হাতে আক্রান্ত হতে হয় ১৫ বছরের কিশোরীকে।
ঘটনাটি ঘটেছে সিঁথি থানা এলাকায়। অভিযোগ, প্রচণ্ড মারের চোটে ফুলে গিয়েছে চোখ। এমনকী কালশিটে পড়ে গিয়েছে। এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। আক্রান্ত মেয়েটির ভিডিও টুইট করে কড়া ভাষায় তোপ দেগেছে বিজেপিও l
বঙ্গে শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচন। দু’দিন পর দ্বিতীয় দফা। আর তার আগেও ঘটে চলেছে রাজনৈতিক হিংসা।
আরও পড়ুন-চলে গেলেন নিমতায় তৃণমূলীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা ‘মা’!
প্রাপ্ত খবর অনুযায়ী, এটি দোল পূর্ণিমার দিন দুপুরের ঘটনা। বিজেপি লেখা গেঞ্জি পড়ার জন্য এই মারধর বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় অভিযোগের তির যথারীতি রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। ভিডিও’তে দেখা যাচ্ছে, নীল গেঞ্জি পরা একটা মেয়ে। তাঁর ডান চোখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। ঠিক করে চোখ খুলতেও পারছেন না মেয়েটি। চোখের নীচে কালশিটে পড়ে গিয়েছে। মেয়েটি অভিযোগ করেছে, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার জ্যেঠুকে মারে তৃণমূল কংগ্রেসের লোকজন। আমার বাবা বাঁচাতে যায়। বাবাকেও মারে তখন। এরপর আমরা বাবাকে বাঁচাতে গেলে, আমাদেরকে এভাবে মারধর করা হয়।’
স্থানীয় সূত্রে খবর, সিঁথি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর মেয়ে। ক্লাবে তখন পালিত হচ্ছিল দোল, খেলা হবে গানও বাজছিল। ব্যক্তির পরনে ছিল বিজেপি লেখা গেঞ্জি। ওখানে কিছু লোক তাঁর সাইকেল টেনে ধরে। সাইকেল থেকে নামিয়ে তাঁর গেঞ্জি ছিড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর মারধরও করা হয় তাঁকে। মেয়ে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ১৫ বছরের মেয়ের চোখের তলায় আঘাতের চিহ্ন রয়েছে। এই হিংসাত্মক ঘটনার পর সিঁথি থানার দ্বারস্থ হয় আক্রান্তের পরিবার।
আরও পড়ুন-WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কড়া সমালোচনা করে বলা হয়েছে, ‘এটা তৃণমূল কংগ্রেসের বর্বরতার নিকৃষ্টতম উদাহরণ। একটা বাচ্চা মেয়েকে বেধড়ক মারা হল, কারণ সে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাত থেকে তার বাবাকে বাঁচাতে গিয়েছিল! এই মেয়েটি কি বাংলার মেয়ে নয়?’ ঘটনায় তদন্ত করছে সিঁথি থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।





