রাত গভীর হলে শহরের রাস্তা যেমন ফাঁকা হতে শুরু করে, তেমনই বাড়ি ফেরার পথে অনেক মহিলার মনে অজানা আশঙ্কাও উঁকি দেয়। বিশেষ করে একা ফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা সবসময়ই ঘোরাফেরা করে। ঠিক এমন এক রাতেই বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন গুরুগ্রামের এক তরুণী। কিন্তু গাড়িটি সামনে এসে দাঁড়াতেই তাঁর প্রতিক্রিয়া ছিল একেবারে অন্যরকম।
তরুণীর সামনে এসে দাঁড়ায় সাদা রঙের একটি ক্যাব। প্রথমে তিনি খানিক থমকে যান, তারপরই মোবাইলের ক্যামেরা অন করে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ভিডিয়োয় দেখা যায়, গাড়ির চালকের আসনে বসে রয়েছেন এক মহিলা। এই দৃশ্যই তাঁকে এতটা আবেগপ্রবণ করে তোলে। তিনি জানান, এমন পরিষেবা পাবেন তা কল্পনাও করেননি। তাঁর কথায়, “এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।”
চালকের সঙ্গে কথা বলতে গিয়েই সামনে আসে মূল তথ্য। ওই পরিষেবা সংস্থা শুধুমাত্র মহিলাদের জন্য ক্যাব পরিষেবা দেয়। গাড়িতে থাকেন মহিলা চালকই। সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টাই চালু থাকে এই পরিষেবা। বিশেষ করে গভীর রাত বা ভোরের সময়ে মহিলাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। তরুণী বলেন, এই ধরনের পরিষেবা পেলে অনেকেই নিশ্চিন্ত বোধ করবেন।
চালক আরও জানান, প্রতিটি গাড়িতে রয়েছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা, গাড়ির ভিতরে ক্যামেরা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা। সংস্থার তরফে নিয়মিত নজরদারিও করা হয়। মহিলাদের সুরক্ষিত ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এই সব ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তাই তাঁদের অগ্রাধিকার— এমনটাই স্পষ্ট করেন চালক।
আরও পড়ুনঃ BLO arrested: বন্ধুর ফোনেই মৃ*ত্যুর ফাঁদ? নিখোঁজের পর প্যাকেটে মিলল দেহাং*শ, গ্রেফতার বুথের বিএলও!
তরুণীর সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায়। কয়েক লক্ষ বার দেখা হয়েছে বলে জানা গিয়েছে। বহু নেটাগরিক মন্তব্য করেছেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। তবুও এক রাতের এই অভিজ্ঞতা যেন অনেক মহিলার মনে নতুন আশ্বাস জাগিয়েছে— রাতের পথও হতে পারে নিরাপদ, যদি উদ্যোগটা সঠিক হয়।





