রাজা, সুলতানদের আমলে এমন ঘটনা ঘটত। কিন্তু ২০২৩ সালে দাঁড়িয়ে এমন ঘটনায় সকলেই বিস্মিত হয়েছেন বেশ। আদালতে আসামীকে নিয়ে পৌঁছতে আধ ঘণ্টা দেরি করেছিলেন দুই পুলিশ কর্মী। তাদের দেরি করার শাস্তি দেন বিচারক। দুই পুলিশ কর্মীকে ঘাস কাটার শাস্তি দেওয়া হয়।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পরবনি জেলায়। গত সপ্তাহে ঘটা এই ঘটনায় প্রশাসনিক মহলে বেশ শোরগোল পড়েছে। জানা গিয়েছে, সেখানকার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামীকে নিয়ে আদালতে হাজির হন।
কিন্তু তাদের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল সকাল ১১টায়। তবে আধ ঘণ্টা দেরিতে প্রায় সাড়ে ১১টা নাগাদ দুই কনস্টেবল আসামীকে নিয়ে যান আদালতে। তাতেই বেজায় রেগে যান ম্যাজিস্ট্রেট। আর রেগে গিয়ে দুই পুলিশ কর্মীকে দুই ঘণ্টা ঘাস কাটার শাস্তি দেন তিনি।
এমন শাস্তি কেন?
শাস্তি পাওয়া দুই পুলিশ কর্মীদের প্রশ্ন, এমন শাস্তি কেন দেবেন বিচারক? তাদের কথায়, তিনি কর্তৃপক্ষকে বলতে পারতেন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ব্রিটিশ আমলেও পুলিশকে ঘাস কাটার সাজা দেওয়ার কথা শোনা যায়নি।
এখনও পর্যন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ কার্যকর হয়নি। ওই দুই পুলিশ কর্মী ঘাস কাটেননি। এই গোটা ঘটনার কথা তারা উপর মহলকে জানিয়েছেন। অন্যদিকে, পুলিশের সংগঠনগুলিও পুলিশ কর্মীদের এই শাস্তি প্রত্যাহার করার দাবী জানিয়েছে।





