ট্যাংরার তেল ঝাল তো অনেক হল, গরমের দিনে এবার বানিয়ে ফেলুন পূর্ববঙ্গের জনপ্রিয় রান্না কাসন পোড়া ঝোল

ট্যাংরা মাছের কাসন পোড়া ঝোল একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বাঙালি পদ। এই রেসিপিটি ট্যাংরা মাছ ছাড়াও যেকেনো মাছ দিয়ে প্রস্তুত করা যায়। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা যায়। এই রান্নাটি করতে গেলে উপকরণ হিসেবে লাগবে ট্যাংরা মাছ ৫০০ গ্রাম, সরষের তেল ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কালো সরষে, কালো জিরে, নুন স্বাদ অনুযায়ী, জল প্রয়োজনমতো, কাঁচা লঙ্কা ২-৩টি চেরা।

প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিন। তারপর মাছের উপর সামান্য হলুদ গুঁড়ো, নুন ও সরষের তেল মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। মাছে সরষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় কম ফাটে। কড়াইতে সরষের তেল গরম করে নিন। তেল গরম হলে মাছগুলো দিয়ে হালকা বাদামী করে ভেজে তুলে রাখুন।

কালো সরষেটাকে দু মিনিট শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। সরষে দিয়ে যেহেতু কাসুন্দি তৈরি হয়, তাই সরষেকে অনেক জায়গায় কাসন বলা হয়। কড়াইতে আবার একটু তেল দিন, এরপর কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিন। এই রান্নার মূল উপকরণ ওই সরষে যাকে কাসন বলা হচ্ছে।

তেলের মধ্যে হলুদ গুঁড়ো ও নুন, সরষে গুঁড়ো দিয়ে নেড়ে জল ঢেলে দিন। এরপর ঝোলটা একটু ফুটতে দিন। ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে ঝোল আরও একবার ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের কাসন পোড়া ঝোল। ট্যাংরা মাছের কাসন পোড়া ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

এই রেসিপিটি একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ, যা আপনাকে খাবারের সাথে পেটের আনন্দ দিতে পারে। সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এই পাতলা ঝোল, গরমের দিনে তৃপ্তি করে খাবে সকলে।

আরও অন্যান্য খবর