আগামী ১৭ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিন রাতের টেস্টে নামবে ভারতীয় দল। কিন্তু তার আগে কতটা প্রস্তুত ভারতীয় শিবির, কিভাবে নিজেদের দল গঠন করছে তারা, এই নিয়ে এবার বিশেষ বার্তা দিলেন দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলেন বিভিন্ন প্রশ্নের জবাব।
দলে ইশান্ত শর্মার অভাব যে স্পষ্ট থাকবে, তা জানানোর পাশাপাশি পেস ব্রিগেড নিয়ে আশাবাদী রাহানে। তিনি বলেছেন, “আমার মনে হয়, আমাদের খুবই ভালো বোলিং আক্রমণ রয়েছে কিন্তু আমরা অবশ্যই মিস করব ইশান্তকে, যেহেতু উনি আমাদের সব থেকে অভিজ্ঞ ফাস্ট বোলার। কিন্তু আমাদের কাছে যারা রয়েছেন, উমেশ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ – এনারা প্রত্যেকেই ভালো এবং অভিজ্ঞ এবং ওনারা জানেন এই পরিবেশে কেমন ধরণের বোলিং করতে হয়। এটি একটি নতুন সিরিজ যা শুরু হচ্ছে গোলাপি বল দিয়ে, তাই গুরুত্বপূর্ণ হচ্ছে মোমেন্টামটিকে ধরে আনা। কিন্তু আমার বিশ্বাস আছে যে আমাদের আক্রমণ ২০ উইকেট নিতে সক্ষম।”
এদিকে প্রথম একাদশ নির্বাচনে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারত। সে নিয়ে রাহানে বলেছেন, “দেখুন, আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে আমাদের কম্বিনেশন কি হবে। আমরা কাল এ নিয়ে বসব, এখনও এক দিন বাকি রয়েছে, একটি প্র্যাকটিস সেশন এখনও বাকি রয়েছে, আমরা কাল বসব আর কম্বিনেশন নিয়ে আলোচনা করব।”





