দেশজুড়ে চিনা কোম্পানির উপর একাধিক চাপ ও নেতিবাচক মানসিকতার জেরে এই বছর আইপিএল-এর টাইটেল স্পনসরের ভূমিকা পালন করবে না ভিভো তা আগেই জানিয়ে দিয়েছিল। সেই কারণেই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের আসর শুরু হওয়ার আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই বছরের টাইটেল স্পনসর কে হবে। স্পনসরের দৌঁড়ে একাধিক বড় বড় কোম্পানি লড়াই করলেও স্পনসরশিপ বিড জিতল ফ্যান্টাসি ক্রিকেট লিগ কোম্পানি ড্রিম ইলেভেন।
মঙ্গলবার ড্রিম ইলেভেন ২২২ কোটি টাকা দিয়ে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপের বিড জিতে নেয়। ড্রিম ইলেভেন ছাড়াও এই স্পনসরশিপের লড়াইয়ে ছিল আনঅ্যাকাডেমি, টাটা সনস এবং বাইজুস। কয়েকদিন আগে স্পনসরশিপের দায়িত্ব নিতে ইচ্ছাপ্রকাশ করেছিল আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলি। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আনঅ্যাকাডেমি ২১০ কোটি, বাইজুস ১২৫ কোটি এবং টাটা সনস ১৮০ কোটি টাকার বিড ডেকেছিল।
তাদের টেক্কা দিতে স্পনসরশিপের বিড জিতল ড্রিম ইলেভেন। বলা বাহুল্য, পুরোপুরিভাবে আইপিএল-এর টাইটেল স্পনসরশিপ ছাড়েনি চিনা মোবাইল সংস্থা ভিভো। এই বছর না করলেও আবারও ২০২১ সালে ফিরবে তারা। আর এর ফলে ভারতীয় বোর্ডের সাথে ভিভোর স্পনসরশিপ চুক্তির মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০২৩ অবধি।





