মাইল্ড কার্ডিয়াক অ্যাটাক সৌরভের, ফোনে খোঁজ নিলেন অমিত শাহ! করবেন সব সাহায্য

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা বঙ্গবাসী। ইতিমধ্যেই প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন। শুধু ক্রীড়াবিদ নয় উদ্বিগ্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, মহারাজের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও ফোন করে খবর নিয়েছেন অমিত শাহ।

সৌরভকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন অমিত শাহ। শনিবার সকালে নিজের বাড়িতে জিম করার সময়ই মাথা ঘুরে পরে যান তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি তিনি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, কার্ডিওলজিস্টরা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে পর্যবেক্ষণে রাখবেন। অমিত শাহ ছাড়াও ফোন করে খবর নেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

জানা গিয়েছে, হার্টে আরও কিছু ব্লকেজ থাকায় অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অন্যদিকে বিসিসিআই প্রেসিডেন্টকে দেখতে হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “শুনে দুঃখ হল, একটি হালকা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আমার চিন্তাভাবনা ও প্রার্থনা তাঁর ও তাঁর পরিবারের সাথে রয়েছে।” মহারাজকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

RELATED Articles