আইএসএল খেলা ক্রমশ অনিশ্চয়তার পথে গেলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। কয়েকদিন আগে গ্রাউন্ড স্পনসর হিসেবে জনপ্রিয় বৈদ্যুতিন সংস্থা ভোল্টাস-বেকোর সাথে চুক্তি সই করেছে ইস্টবেঙ্গল। কিন্তু ইনভেস্টর জোগাড় না করে এবার নিজেদের কিট স্পনসর জোগাড়ের পথে লাল-হলুদ। জানা গিয়েছে, জনপ্রিয় জার্সি প্রস্তুতকারক সংস্থা লোট্টোর সাথে গাঁটছড়া বাঁধার পথে ইস্টবেঙ্গল।
জানা যায়, সোমবার ক্লাব তাঁবুতে কর্মকর্তাদের একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্টবেঙ্গলের সমস্ত জার্সির স্পনসর হওয়ার কথা এই সংস্থার। যদিও সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
এই চুক্তি সম্পন্ন হলে ভারতে শিলং লাজংয়ের পর ইস্টবেঙ্গলের কিট স্পনসর হিসেবে যুক্ত হবে ইতালীয় সংস্থা লোট্টো।





