আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেরালার বিপক্ষে জয় তুলতে পারল না ইস্টবেঙ্গল। সারাটা মেঘ জুড়েই যেন দিশেহারা ফুটবল খেলল ইস্টবেঙ্গল এর প্লেয়াররা। ইস্টবেঙ্গলের খেলা দেখেই বোঝা যাচ্ছে দলের মধ্যে বোঝাপড়ার ভীষণই অভাব। ঝিমানো মাঝমাঠ, ভোঁতা আক্রমণ ভাগ। আনোয়ার আলী আজ খেললেও ডিফেন্সও বেশ নড়বড়েই দেখাল ইস্টবেঙ্গলের। লাল হলুদের কোনও প্লেয়ারই সেভাবে দাগ কাটতে পারলেন না আজকের খেলায়।
কেরালা ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতকে স্বাভাবিকভাবেই উঠবে প্রশ্ন। কোচ কি ভেবে, কোন স্ট্রাটেজিতে দলকে খেলাচ্ছেন বোধগম্য হচ্ছে না লাল হলুদ সমর্থকদের। এরকমই জঘন্য ফুটবল খেলতে থাকলে এই বছরও ভালো রেজাল্ট করা স্বাভাবিকভাবেই সম্ভব হবে না ইস্টবেঙ্গলের পক্ষে। ইস্টবেঙ্গলের প্লেয়াররাও যেন ভীষণ ছন্নছাড়া। একদমই খেলা দানা বাঁধছে না ইস্টবেঙ্গলের। পরপর দুই ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই চাপে ইস্টবেঙ্গলের কোচ।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই ফ্রি কিক পেয়ে যায় তারা। মাদিহ তালালের ফ্রি কিক থেকে গোল না আসলেও ইস্টবেঙ্গল পেয়ে যায় কর্নার তবে গোল আসেনি। পরবর্তীতে পাল্টা আক্রমণ শানায় কেরালা ব্লাস্টার্স। কেরালার হিমিনেজের শট ইস্টবেঙ্গলের গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ইস্ট বেঙ্গলের কাছে বড় সুযোগ আসে। রাহুল কেপি ইস্টবেঙ্গলের মহেশকে ফাউল করায় ফের ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। মাদিহ তালাল ফ্রিকিক নিলে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ডায়মানটাকোস অফসাইড এর ফাঁদে পড়ে যায়। পরবর্তীতে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গল এর মহেশ। এরপর ফের আক্রমণ শানায় কেরালা। কেরালার সন্দীপ ইস্টবেঙ্গল বক্সে ভালো ক্রস রাখলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন রাহুল কেপি। ইস্টবেঙ্গল এবং কেরালা দুই দলই গোল করতে অসমর্থ থাকে এবং দুই দলই কোনও রকমে নিজেদের গোল বাঁচিয়ে খেলে। প্রথমার্ধের খেলা শেষে ম্যাচে স্কোর থাকে ইস্টবেঙ্গল ০ কেরালা ব্লাস্টার্স ০।
আরও পড়ুন: মাঠের বাইরেও মন জিতল ইস্টবেঙ্গল! বন্যা দুর্গত মানুষদের জন্য বাড়াল সাহায্যের হাত, ত্রাণ তহবিলে বিশাল অঙ্কের টাকা দান লাল-হলুদ ক্লাবের
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইস্টবেঙ্গলের গোলের মুখ খুলে যায়। ডিয়ামানটোকাসের সাজিয়ে দেওয়া বল কেরালার গোলে জড়িয়ে দেন পি ভি বিষ্ণু। ইস্টবেঙ্গল ম্যাচে এগিয়ে যায় ১-০ গোলে। তবে গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনা লাল হলুদ বাহিনী। ম্যাচের ৬৩ মিনিটে গোল শোধ করে দেয় কেরালা ব্লাস্টার্স। বিশ্বমানের গোল করেন কেরালার নোয়া সাদোই। ডিয়ামানটোকাসের পরিবর্তে লাল হলুদ কোচ মাঠে নামান ক্লেটন সিলভাকে। ৮৭ মিনিটের মাথায় কেরালার পেপরা ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান। তিনি কোনওরকম ভুল না করে ইস্টবেঙ্গলের গোলে বল পাঠিয়ে দেন। অতিরিক্ত সময়ে আরও গোল করতে পারত কেরালা তবে তারা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষে স্কোর কেরালা ব্লাস্টার্স ২ ইস্টবেঙ্গল ১।





