হল না স্বপ্নের শুরু। দুরন্ত খেলেও অতিরিক্ত সময়ে গোল খেয়ে নিজেদের আইএসএলের (ISL) প্রথম ম্যাচে হেরে জেতে হল মহামেডানকে (Mohammedan sporting)। দুরন্ত পারফরম্যান্স করলেন মহামেডানের গোমেজ। কার্যত তার উপর নির্ভর করেই মাঠে দাপাল আন্দ্রে চেরনিশভের দল। তবে কিছুতেই গোলের মুখ খুলতে পারল না মহামেডান। একদম ম্যাচের শেষে গিয়ে গোল হজম করে ১ পয়েন্ট হারাল তারা। কিছুটা হয়ত অভিজ্ঞতার অভাবেই আজ হারতে হল মহামেডানকে। তবে এই দল যে সময়ের সাথে আরও ভালো খেলবে, বাকি দলগুলোর সাথে পাল্লা দিয়ে লড়বে তার ঝলক আজ মাঠে দেখা গেছে।
খেলার শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে চাপে ফেলতে চায় মহামেডান। কাসিমভ, গোমেজ, মাকানরা বেশ কিছুটা গুছিয়ে ফুটবল খেলার চেষ্টা করে। ৬ মিনিটের মাথায় গোমেজের ফ্রি কিক গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করে দেন নর্থইস্টের গোলকিপার গুরমীত। তারপরও বেশ কিছুক্ষণ আক্রমণ করে সাদাকালো ব্রিগেড। ৯ মিনিটের মাথায় গোমেজের বল ফানাই ঠিক জায়গায় পেলে হয়ত গোলের সুযোগ চলে আসত। ১৪ মিনিটের মাথায় নর্থইস্টের বেমাররকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জুইডিকা। দুটো দলই মূলত মাঝমাঠের দখল নেওয়ার জন্য লড়াই করতে থাকে। ২৫ মিনিটের মাথায় ফানাইকে ফাউল করে হলুদ কার্ড দেখেন নর্থ ইস্টের দীনেশ সিং। ফ্রি কিক, কর্নারের মাধ্যমে পর পর আক্রমণ চালিয়ে যেতে থাকে সাদাকালো ব্রিগেড।
হঠাৎই ৩৭ মিনিটের মাথায় নর্থইস্টের গিয়েইর্মোর ওয়ান টাচ ফুটবল খেলে দুরন্ত শট নেন জিথীন এমএস। তবে বল গোল গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। এরপর পাল্টা আক্রমণ করে মহামেডান। বক্সের ভেতর মানজোকি বল ধরতে পারলে গোলের সম্ভাবনা তৈরি হতে পারত। এরপরেই ফানাইয়ের হেড গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। আচমকাই নর্থ ইস্টার বলে শট মেরে গুরমীতের পরীক্ষা নেন গোমেজ। অতিরিক্ত দু মিনিট শেষ হওয়ার পর ০-০ স্কোরে শেষ হয় প্রথমার্ধের খেলা।
৬২ শতাংশ বল পজিশন রেখে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মহামেডান। ৫৮ মিনিটের মাথায় বিপদের এড়ায় মহামেডান। কর্নার থেকে কোনওমতে বল সেভ করেন মহামেডানের গোলকিপার পদম ছেত্রী এরপর বেমারারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর আবার নর্থইস্টের জিথীনের শট বাঁচান পদম ছেত্রী। টানা আক্রমণ করতে থাকে নর্থইস্ট। ৬২ মিনিটের মাথায় বল নিয়ে ডান প্রান্ত দিয়ে ঢোকে নর্থ ইস্টের জিথীন। তবে শট হয় লক্ষ্যভ্রষ্ট। ফের একবার সুযোগ চলে আসে জিথীনের কাছে। গুয়েইর্মোর সাজিয়ে দেওয়া বল গোলে রাখতে পারেননি তিনি। ৬৭ মিনিটের মাথায় আক্রমণ করে মহামেডান। ফানাইয়ের সাজিয়ে দেওয়া বলে পা ছোঁয়াতে পারলেন না মানজোকি। এরপরই দুরন্ত শট নেন মহামেডানের বিকাশ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন তিনি।
৬০ মিনিটের পর থেকেই এরিয়াল ফুটবলের দিকে চলে যায় দুই দলই। কিছুটা ফিটনেস এর অভাবের কারণেই হয়ত দুই দলই লং বল খেলতে থাকে। সারাটা ম্যাচ দাপিয়ে খেললেন মহামেডানের গোমেজ। ৮২ মিনিটের মাথায় চলে গিয়েছিলেন গোলের খুব কাছে। তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার মূলত মহামেডানের চালিকাশক্তি সেটা তিনি মাঠে প্রমাণ করে দিলেন।
নিজেদের ঘরের মাঠে আইএসএলের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এমনটাই যখন ভাবছে সবাই ম্যাচের রঙ পাল্টে দিল আলাদিন। অতিরিক্ত সময়ে গোল করে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দিলেন আলাদিন আজারাই। শেষ পর্যন্ত দুরন্ত লড়েও হেরে মাঠ ছাড়ল মহামেডান। দ্বিতীয়ার্ধের শেষে স্কোর মহামেডান ০, নর্থইস্ট ইউনাইটেড ১।





