জন্মদিনে বড় ঘোষণা সচিনের, করোনা আক্রান্তদের জন্য প্লাজমা দান করতে চান করোনাজয়ী মাস্টার ব্লাস্টার

এমন একটি ঘোষণা করার জন্য এর চেয়ে ভালো দিন আর কীই বা হতে পারে? ফের একবার তিনি বুঝিয়ে দিলেন, কেন তিনি সকলের চেয়ে আলাদা। নিজের জন্মদিনের দিনই সচিন তেন্ডুলকর ঘোষণা করলেন যে তিনি প্লাজমা দান করতে চান।

দেশের থাবা বসিয়েছে করোনা দ্বিতীয় ঢেউ। এমন অবস্থায় সকল দেশবাসীকে একসঙ্গে লড়াই করার বার্তা দেন সচিন। সদ্যই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন তিনি। করোনায় সংক্রমিত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘গড অফ ক্রিকেট’। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। জন্মদিনের দিন সকলকে জানান যে চিকিৎসকের অনুমতি পেলে তিনি প্লাজমা দান করতে চান। অন্যদেরও প্লাজমা দান করার জন্য আবেদন করলেন মাস্টার ব্লাস্টার।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সচিন বলেন, “জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ৷ সত্যিই আমার দিনটা ভাল করে দিলেন আপনারা৷ গত মাসে আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি৷ করোনা আক্রান্ত হয়ে ২১ দিন নিভৃতবাসে ছিলাম৷ তবে আপনাদের প্রার্থনা এবং শুভেচ্ছা আমার সঙ্গে ছিল৷ আমরা পরিবার-পরিজনেরা সকলে পাশে ছিলেন৷ তবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কথা বলতেই হবে৷ তাঁরা আমাকে ইতিবাচক রেখেছিলেন”৷

তিনি এও বলেন, “আমি অনুমতি পেলেই প্লাজমা দেব৷ এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আপনারাও যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন চিকিৎসকদের অনুমতি নিয়ে দয়া করে প্লাজমা দিন৷ চিকিৎসকেরা বলেছেন, সঠিক সময় প্লাজমা দেওয়া গেলে করোনা আক্রান্তরা দ্রুত সেরে উঠতে পারেন”৷

আরও পড়ুন- অক্সিজেন চাহিদা মেটাতে মরিয়া কেন্দ্র, নানান রাজ্যে অক্সিজেন ট্যাঙ্কার পরিবহণের জন্য বিশেষ করিডোরের নির্দেশ

আজ, শনিবার সচিন তেন্ডুলকরের ৪৮তম জন্মদিন। সকাল থেকেই ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। শুধু ভক্তরাই নন, ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, সমাজের নানান স্তরের মানুষ সকলেই সচিনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। সচিনের ছোটোবেলার কিছু মুহূর্ত ও তাঁর খেলার জীবনে নানান মুহূর্তের ছবি কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিংহ। ট্যুইটারে যুবরাজ লেখেন, “কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছো এটা অত্যন্ত স্বস্তিদায়ক, আজকের বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল”।

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে দলের মেন্টর সচিনের জন্য একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়। সেখানে যশপ্রীত বুমরা থেকে শুরু করে রোহিত শর্মা, শিখর ধবন, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল, পুত্র অর্জুন তেন্ডুলকর, শেন বন্ড, শ্রেয়স আইয়াররাও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও অন্যান্য খবর