অস্বাভাবিক মৃ’ত্যু হচ্ছে পথকুকুরদের, কেন ঘটছে এমন ঘটনা রাস্তায় রাস্তায়? তদন্তে নামল পুলিশ

একের পর এক পথকুকুরদের মৃত্যু। কিচ্ছু কিছু কুকুর তো ধুঁকছে রীতিমতো। কেন এভাবে মৃত্যু ঘটছে সারমেয়দের? কী হচ্ছে তাদের কাছে? এই নিয়ে সরেজমিনে তদন্তে নামল পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃ’ত সারমেয়দের ময়নাতদন্ত করা হচ্ছে বলে খবর।

কোথায় ঘটছে এমন ঘটনা?

এমন নির্মম ঘটনা ঘটেই চলেছে হুগলির পোলবা থানা এলাকার সুগন্ধায় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতপাড়া গ্রামে। গত কয়েকদিনে সেখানে একাধিক পথকুকুরদের মৃত্যুর খবর মিলেছে। শুধুমাত্র মৃত্যুই নয়, কিছু কিছু সারমেয় আবার অসুস্থ হয়ে ধুঁকছে, এমনও খবর মিলেছে স্থানীয় সূত্রে। এই মৃত সারমেয়দের দেহ ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা অভিসন্ধি করেই এই পথকুকুরদের মারার চেষ্টা করছে। তাদের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তারা এও জানাচ্ছেন যে একসঙ্গে সারমেয়দের মৃত্যু ঘটছে না। দফায় দফায় হচ্ছে। এলাকার কিছু পথকুকুর আবার অসুস্থ হয়ে ধুঁকছে বলেও জানান তারা।

এই ঘটনায় এলাকার এক পশুপ্রেমী পোলবা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার ওই গ্রামে যান পোলবা থানার ওসি। পোলবা-দাদপুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের দু’জন পশু চিকিৎসককে নিয়ে গ্রামে গিয়েছিলেন তিনি। এদিন একটি মৃত কুকুরের শরীর থেকে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে নিয়ে যান ভিসেরা পরীক্ষার জন্য।

এই ঘটনা প্রসঙ্গে পশু চিকিৎসক রাজু দাস বলেন, “প্রাথমিকভাবে অনুমান হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে মৃত্যু হয়েছে। সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। সে জন্যই ভিসেরা সংগ্রহ করা হচ্ছে। নমুনা পরীক্ষা করে দেখার পরই বিষয়টি স্পষ্টভাবে বলা যাবে”।

বি’ষ’ক্রি’য়া’র ফলেই এই পথকুকুরদের মৃত্যু হচ্ছে কী না, সেই বিষয়টি এখনও যদিও স্পষ্ট নয়। পশু চিকিৎসকরাও এখনও এ নিয়ে স্পষ্ট কোনও ধারণা দেন নি। ভিসেরা পরীক্ষার জন্য কুকুরের লিভার, কিডনি, চামড়া, পাকস্থলী, ফুসফুসের নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles