‘আগামী ১০ বছর ব্যস্ত থাকতে হবে’, শাহজাহান প্রসঙ্গে বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন হঠাৎ এমন মন্তব্য?

দীর্ঘ টালবাহানা শেষে ৫৫ দিন পর গ্রেফতার হয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহজাহানের আইনজীবী। নিম্ন আদালতে শাহজাহানের যে জামিনের আবেদনগুলি পেন্ডিং রয়েছে, তা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করতে চান তিনি। তবে এক্ষেত্রে আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, শাহজাহানের প্রতি কোনও সমবেদনা নেই আদালতের।

শাহজাহানকে পুলিশ গ্রেফতার করার পরই আদালতের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে শাহজাহানের গ্রেফতারির কথা জানান তিনি। এই মুহূর্তে শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে। এদিন বিচারপতি সাফ জানিয়ে দেন, শাহজাহানের প্রতি কোনও সহানুভূতি নেই আদালতের।  

এদিন বিচারপতি কিছুটা মজার ছলেই বলেন, “আগামী ১০ বছর আমরা আপনাকে ব্যস্ত রাখব। আপনি ভালো করে একটি লিগাল টিম তৈরি করুন। আগামী ১০ বছর আপনাকে অন্য কাজ করতে হবে না। এই মামলা চালাতেই কেটে যাবে”।

এর আগে শাহজাহানের আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে তাঁর মক্কেল নিজের বক্তব্য রাখতে চায় আদালতে। বিচারপতি সেই সময় জানান যে জরুরি ভিত্তিতে শুনানির কোনও প্রয়োজন নেই। শাহজাহানের আইনজীবীর আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। এবার আজ শাহজাহানের আইনজীবীকে একথা বললেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, গতকাল, বুধবার রাতে সন্দেশখালির মিনাখাঁর বামপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। আজ তাঁকে বসিরহাট আদালতে তুললে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই তাঁর আইনজীবী হাইকোর্টে গেলে এদিন প্রধান বিচারপতি বলেন, “আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম”। অর্থাৎ শাহজাহানের গ্রেফতারির অপেক্ষা যে হাইকোর্টও করছিল, তা এদিন স্পষ্ট জানান প্রধান বিচারপতি।    

আরও অন্যান্য খবর