‘বিজেপিতে দলবদলুদের চাই না’, ব্যারাকপুরে অর্জুনের বিরুদ্ধে পোস্টার বিজেপির, এবার কোন দলে যাবেন ‘বাহুবলী’ সাংসদ?

বিগত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে একটাই নাম বারবার উঠে আসছে, তা হল অর্জুন সিং। তৃণমূলের থেকে লোকসভা ভোটের টিকিট পান নি তিনি। এর জেরে বেশ ক্ষোভ জন্মেছে তাঁর। ফের দলবদলের জল্পনা উঠেছে অর্জুনকে নিয়ে। কিন্তু এসবের মধ্যেই এবার ব্যারাকপুরে বিজেপির তরফে অর্জুনকে নিয়ে পড়ল পোস্টার।

গত রবিবার ব্রিগেডের ময়দান থেকে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এই তালিকায় নাম নেই অর্জুন সিংয়ের। তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হবে তাঁকে, কিন্তু শেষ মুহূর্তে তা হয়নি, এমনটাই দাবী অর্জুনের। আর এরপরই দলের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি।

গতকাল, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “তৃণমূল আমার দেড় বছর নষ্ট করল”। এমনকি, এদিন নিজের অফিস ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নরেন্দ্র মোদীর ছবি লাগাতে দেখা যায় অর্জুনকে। এদিকে আবার অর্জুনকে দলে রাখতে তাঁকে বরানগর বিধানসভা থেকে উপনির্বাচনে লড়ার প্রস্তাব দুয়েছে তৃণমূল। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় এই বিধানসভা কেন্দ্র এখন বিধায়কহীন। এও শোনা যায় যে, অর্জুন সিংকে মন্ত্রিত্বের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এমন সব প্রস্তাব পেয়ে মন গলে নি অর্জুনের। তাঁর কথায়, “আমার কাছে যেটা ছিল, সেটাই নিয়ে নিল। মন্ত্রিত্ব তো আমি চাই নি। আমি তো সাংসদ ছিলাম। আর বরানগরে ইতিমধ্যেই বহিরাগতদের জায়গা দেওয়া হবে না বলে পোস্টার পড়ে গিয়েছে”। অর্জুন যে বিজেপিতেই যেতে পারেন, এমন জল্পনা যখন তুঙ্গে, সেই মুহূর্তে এবার ব্যারাকপুরেও অর্জুনের বিরুদ্ধে পড়ল পোস্টার।

ব্যারাকপুরের স্টেশন থেকে শুরু করে নানান জায়গায় দেখা গিয়েছে অর্জুন বিরোধী পোস্টারে ছয়লাপ। পোস্টারে লেখা, “বিজেপিতে পাল্টিবাজদের চাই না”। আবার কোনও পোস্টারে লেখা, “দলবদলুদের বিজেপিতে চাই না”। অর্থাৎ ব্যারাকপুরের বিজেপি কর্মী-সমর্থকরা যে অর্জুনকে ফের দলে ফেরত নিতে নারাজ, তা বেশ স্পষ্ট।

যদিও বিজেপি নেতৃত্বের দাবী, এই কাজ বিজেপির নয়। তৃণমূল আসলে অর্জুন সিংকে ভয় পাচ্ছে। তৃণমূল অর্জুন সিংকে হাতছাড়া করতে চায় না, সেই কারণেই বিজেপির নামে এমন পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু সত্যিই যদি বিজেপিও অর্জুনের থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে? এদিকে আবার অর্জুন বলেই দিয়েছেন, তিনি ব্যারাকপুরেরই প্রার্থী হবেন। তাহলে বিজেপিতে তাঁকে ফেরালে কী নির্দল হয়ে লড়বেন অর্জুন? এমন প্রশ্নই উঠেছে রাজনৈতিক মহলে।    

আরও অন্যান্য খবর